উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কাজের সুযোগ খুঁজছেন? সে ক্ষেত্রে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল নদিয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল সার্ভিস স্কিম বা এনএসএস বিভাগের জন্য প্রজেক্ট কো-অর্ডিনেটর পদে কর্মী নেওয়া হবে বলে জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, সম্পূর্ণ চুক্তিভিত্তিক এই নিয়োগের জন্য আবেদন করতে হবে অনলাইনে। আগ্রহীদের নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।
এই পদে আবেদন করতে পারবেন অভিজ্ঞ অ্যাসোসিয়েট প্রফেসর অথবা অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা। তবে শুধুমাত্র শিক্ষকতার অভিজ্ঞতা থাকলেই হবে না। ন্যাশনাল সার্ভিস স্কিমের অধীনে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। পাশাপাশি ওরিয়েন্টেশন কোর্স সম্পূর্ণ করার শর্তও রাখা হয়েছে।
প্রার্থীর বয়স ৫০ বছরের মধ্যে হতে হবে। নির্বাচিত প্রার্থীকে মোট তিন বছরের জন্য কাজ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। যদিও এই পদে কত টাকা বেতন দেওয়া হবে, তা এখনও স্পষ্ট করেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আবেদন করতে হলে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা পোর্টালে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৫ জুন। যোগ্য প্রার্থীদের বাছাই প্রক্রিয়া কী ভাবে হবে, তা পরে আলাদা করে জানানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়।





