চাকরির বাজারে প্রতিযোগিতা যখন ক্রমশ কঠিন হয়ে উঠছে, ঠিক সেই সময় স্নাতক পাশ তরুণ-তরুণীদের জন্য নতুন করে সুযোগের দরজা খুলল LIC Housing Finance Limited। সম্প্রতি সংস্থার তরফে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের একাধিক রাজ্যে এই নিয়োগ প্রক্রিয়া চলবে। পশ্চিমবঙ্গ-সহ উত্তরাখণ্ড, তেলঙ্গানা, তামিলনাড়ু, সিকিম, রাজস্থান, পঞ্জাব, ওড়িশা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং কেরলে মোট ১৮০টি শূন্যপদে কর্মী নেওয়া হবে। ফলে বিভিন্ন প্রান্তের চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ বলেই মনে করছেন অনেকেই।
বেতনের ক্ষেত্রেও আকর্ষণীয় প্যাকেজ রাখা হয়েছে। নির্বাচিত প্রার্থীরা মাসিক প্রায় ৩৮,৭০৯ টাকা থেকে ৪১,৫০৯ টাকার মধ্যে বেতন পাবেন। প্রার্থীদের অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং বয়স থাকতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। পাশাপাশি, কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি থাকা বাধ্যতামূলক। কম্পিউটারে কাজের দক্ষতাও এই পদের জন্য গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে।
আবেদন প্রক্রিয়াও সম্পূর্ণ অনলাইন। আগ্রহী প্রার্থীদের LIC Housing Finance Limited-এর ওয়েবসাইটে গিয়ে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখে নির্ধারিত পদ্ধতিতে আবেদনপত্র পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদন করার শেষ তারিখ ৩০ এপ্রিল।
নিয়োগের ক্ষেত্রে একাধিক ধাপ রাখা হয়েছে। প্রথমে লিখিত পরীক্ষা এবং পরে ইন্টারভিউ নেওয়া হবে। এই দুই ধাপে উত্তীর্ণ প্রার্থীদের মেধাতালিকা তৈরি করে চূড়ান্তভাবে নিয়োগ করা হবে।
চাকরির বাজারে যখন স্থায়ী ও নির্ভরযোগ্য কর্মসংস্থানের সুযোগ সীমিত, তখন এই নিয়োগ বিজ্ঞপ্তি স্বাভাবিকভাবেই আগ্রহ বাড়িয়েছে চাকরিপ্রার্থীদের মধ্যে। এখন দেখার, শেষ পর্যন্ত কতজন এই প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সফল হয়ে সুযোগ পান।






