ডিজিটাল যুগে টেলিভিশনও এখন ‘স্মার্ট’। ইন্টারনেট সংযোগের মাধ্যমে ওটিটি, ইউটিউব থেকে গেমিং—সবকিছুই এক ক্লিকে পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে। কিন্তু এই সুবিধার আড়ালেই লুকিয়ে রয়েছে একটি বড় প্রশ্ন—আপনি কী দেখছেন, তা কি শুধুই আপনার ব্যক্তিগত বিষয়?
সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে, বহু স্মার্ট টিভিতে এমন একটি প্রযুক্তি ব্যবহার করা হয়, যার মাধ্যমে দর্শকের দেখার অভ্যাস নিয়মিত পর্যবেক্ষণ করা সম্ভব। এই প্রযুক্তির নাম Automatic Content Recognition বা ACR।
এই ব্যবস্থায় টিভি স্ক্রিনে চলা কনটেন্ট নির্দিষ্ট সময় অন্তর বিশ্লেষণ করা হয়। অর্থাৎ আপনি কোন সিনেমা, সিরিজ, বিজ্ঞাপন বা গেম দেখছেন—তা শনাক্ত করে একটি ডেটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হয়। শুধু টিভির নিজস্ব অ্যাপ নয়, কেবল সংযোগ, গেমিং কনসোল কিংবা HDMI দিয়ে যুক্ত অন্য ডিভাইসের কনটেন্টও এর আওতায় পড়ে।
প্রযুক্তিটি অনেক ক্ষেত্রেই ব্যবহারকারীর অজান্তে সক্রিয় থাকে। Samsung, LG, Sony, TCL বা Hisense-এর মতো একাধিক ব্র্যান্ডের স্মার্ট টিভিতে এই ফিচার ডিফল্টভাবে চালু থাকতে পারে বলে জানা গিয়েছে।
এখানেই শেষ নয়। এই প্রযুক্তির মাধ্যমে সংগৃহীত তথ্য বিজ্ঞাপনদাতাদের কাছে পৌঁছতে পারে। ফলে ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী নির্দিষ্ট বিজ্ঞাপন দেখানো সহজ হয়। পাশাপাশি কতক্ষণ একটি কনটেন্ট দেখা হল, কোথায় থামানো বা এগিয়ে দেওয়া হল—এই সব সূক্ষ্ম তথ্যও ট্র্যাক করা সম্ভব।
এই নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রেও বিতর্ক তৈরি হয়েছে। আমেরিকায় কয়েকটি সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘটনাও সামনে এসেছে। ভারতে স্মার্ট টিভির ব্যবহার দ্রুত বাড়ার সঙ্গে সঙ্গে বিষয়টি এখানেও গুরুত্ব পাচ্ছে।
তবে ব্যবহারকারীদের হাতে কিছু নিয়ন্ত্রণ রয়েছে। বেশিরভাগ স্মার্ট টিভির সেটিংসে গিয়ে এই ফিচার বন্ধ করা সম্ভব। ‘প্রাইভেসি’ বা ‘সিস্টেম’ অপশনে গিয়ে ACR, Viewing Data বা Content Intelligence নামে যে অপশন থাকে, তা নিষ্ক্রিয় করলে ডেটা সংগ্রহ অনেকটাই কমানো যায়।
প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করছে ঠিকই, কিন্তু ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিয়েও সচেতন হওয়া জরুরি—বিশেষত যখন সেই নজরদারি নীরবে, আমাদের অজান্তেই চলতে থাকে।






