বিনা টিকিটে ট্রেন সফর রুখতে আরও কড়া অবস্থান নিল ভারতীয় রেল। এবার থেকে টিকিট ছাড়া যাত্রা করতে গিয়ে ধরা পড়লে আগের তুলনায় দ্বিগুণ জরিমানা দিতে হবে যাত্রীদের। নতুন নিয়ম অনুযায়ী, ন্যূনতম জরিমানার পরিমাণ ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, ‘জন বিশ্বাস আইন, ২০২৬’-এর আওতায় ১৯৮৯ সালের রেলওয়ে আইনের ১৩৭ ও ১৩৮ ধারায় সংশোধন আনা হয়েছে। সেই সংশোধনের ফলেই জরিমানার অঙ্ক বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হয়েছে। সেন্ট্রাল রেলওয়ের এক ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) এক্স হ্যান্ডেলে এই পরিবর্তনের কথা প্রকাশ্যে জানান।
রেলের দাবি, বিপুল সংখ্যক যাত্রী এখনও টিকিট না কেটেই ট্রেনে যাতায়াত করেন। এর ফলে শুধু রাজস্ব ক্ষতিই হয় না, পরিষেবা পরিচালনার ক্ষেত্রেও নানা সমস্যা তৈরি হয়। জরিমানার পরিমাণ বাড়ানো হলে এই প্রবণতা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছে রেল কর্তৃপক্ষ।
রেল মন্ত্রক যাত্রীদের উদ্দেশে আবেদন জানিয়েছে, ভ্রমণের আগে অবশ্যই বৈধ টিকিট সংগ্রহ করতে হবে এবং রেলওয়ের নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে। কারণ নতুন নিয়মে ধরা পড়লে শুধু ৫০০ টাকা জরিমানাই নয়, সংশ্লিষ্ট যাত্রাপথের ভাড়াও আলাদা করে দিতে হবে।
পরিসংখ্যান বলছে, বিনা টিকিটে যাত্রার ঘটনা এখনও উদ্বেগজনক। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মে মাসে সেন্ট্রাল রেল একাই প্রায় ৪ লক্ষ ৯৬ হাজার বিনা টিকিটের যাত্রীকে ধরেছে। তাঁদের কাছ থেকে জরিমানা বাবদ আদায় হয়েছে ৪০.৮৫ কোটি টাকা।
রেলওয়ে আইনে টিকিট ছাড়া ভ্রমণকে গুরুতর অপরাধ হিসেবে ধরা হয়। তাই জরিমানা ও ভাড়া পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেওয়া হতে পারে। এমনকি ছয় মাস পর্যন্ত কারাদণ্ডের বিধানও রয়েছে।
রেল মন্ত্রক ১৯ জুন গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, সংশোধিত জরিমানার এই নতুন হার অবিলম্বে কার্যকর করা হয়েছে। ফলে এখন থেকে দেশের যে কোনও প্রান্তে টিকিট ছাড়া ট্রেনে ভ্রমণ করতে গিয়ে ধরা পড়লে যাত্রীদের গুনতে হবে আরও বেশি অর্থ।






