উচ্চশিক্ষিত চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। গবেষণার কাজে যুক্ত হতে ইচ্ছুক প্রার্থীদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর। প্রতিষ্ঠানের ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে একটি গবেষণা প্রকল্পের জন্য প্রজেক্ট অ্যাসোসিয়েট-I পদে একজন কর্মী নিয়োগ করা হবে।
এই গবেষণা প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির আর্থিক সহায়তায় পরিচালিত হচ্ছে। নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ৩১ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে।
আবেদনের জন্য প্রার্থীর কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ন্যাচারাল সায়েন্স বা কৃষিবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি নেট, সিএসআইআর-ইউজিসি নেট অথবা গেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। আবেদনকারীর বয়স ৩৫ বছরের বেশি হলে চলবে না।
আবেদন সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে করতে হবে। এর জন্য আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে গিয়ে ‘Jobs’ বিভাগে প্রবেশ করতে হবে। এরপর ‘Temporary Position’ অপশনে সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি খুলে আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে।
আবেদন গ্রহণের শেষ তারিখ ১৭ জুলাই। নিয়োগ সংক্রান্ত যোগ্যতা, শর্তাবলি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে জানতে প্রার্থীদের বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।







