উচ্চশিক্ষিত এবং প্রশাসনিক কাজে অভিজ্ঞ প্রার্থীদের জন্য চাকরির সুযোগ নিয়ে এল Indian Institute of Science Education and Research। প্রতিষ্ঠানের ইন্টারনাল অডিট বিভাগে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার পদে কর্মী নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শূন্যপদ রয়েছে একটি। নির্বাচিত প্রার্থীকে স্থায়ী পদে নিয়োগ করা হবে। পদটি গ্রুপ ‘এ’ ক্যাটেগরির অন্তর্ভুক্ত এবং সপ্তম বেতন কমিশনের লেভেল-১০ অনুযায়ী বেতন ও অন্যান্য সুবিধা দেওয়া হবে।
আবেদনকারীদের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি কোনও শিক্ষা প্রতিষ্ঠানে সুপারিন্টেন্ডেন্ট বা সেকশন অফিসার পদে অন্তত পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৪০ বছর। তবে সরকারি প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে প্রার্থীরা অতিরিক্ত গুরুত্ব পেতে পারেন।
এই পদের জন্য শুধু প্রশাসনিক দক্ষতা থাকলেই হবে না। অডিট, ট্যাক্সেশন, প্রোকিয়োরমেন্ট-সহ একাধিক গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা এবং দক্ষতাও প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
আগ্রহী প্রার্থীদের অনলাইনেই আবেদন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২২ জুন। আবেদন ফি হিসেবে ১,০০০ টাকা ধার্য করা হয়েছে। প্রাথমিক বাছাইয়ের পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে।
প্রশাসনিক ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন এবং উচ্চ বেতনের স্থায়ী চাকরি খুঁজছেন এমন প্রার্থীদের জন্য এই নিয়োগ একটি উল্লেখযোগ্য সুযোগ হতে পারে।





