পাসপোর্ট ভেরিফিকেশনে বড় বদল! আর থানায় যেতে হবে না, কী নতুন নিয়ম চালু হল?

On: Thursday, August 6, 2026 3:07 PM
---Advertisement---

পাসপোর্ট করতে গিয়ে পুলিশ ভেরিফিকেশনের জন্য থানায় যাওয়া, দীর্ঘক্ষণ অপেক্ষা বা বাড়িতে পুলিশ আসার মতো প্রক্রিয়া এবার অনেকটাই সহজ হতে চলেছে। সাধারণ মানুষের হয়রানি কমাতে পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশনের নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে গুজরাটে।

রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল (DGP) জি এস মালিক নতুন নির্দেশিকা জারি করে জানিয়েছেন, এখন থেকে অধিকাংশ ক্ষেত্রেই আবেদনকারীকে থানায় গিয়ে হাজিরা দিতে হবে না। একই সঙ্গে ঠিকানা যাচাইয়ের জন্য বাড়িতে গিয়ে সরাসরি সাক্ষাৎ করার বাধ্যবাধকতাও তুলে দেওয়া হয়েছে।

নতুন নির্দেশিকা অনুযায়ী, পুলিশ ভেরিফিকেশনের সময় মূলত দুটি বিষয়ই খতিয়ে দেখা হবে। প্রথমত, আবেদনকারী ভারতীয় নাগরিক কি না। দ্বিতীয়ত, তাঁর বিরুদ্ধে কোনও অপরাধমূলক রেকর্ড রয়েছে কি না। এই তথ্য যাচাইয়ের উপরই গুরুত্ব দেওয়া হবে।

আগে অনেক ক্ষেত্রেই পুলিশ আবেদনকারীর বাড়িতে গিয়ে ঠিকানা যাচাই করত এবং বিভিন্ন নথিতে স্বাক্ষর নেওয়া হত। নতুন ব্যবস্থায় সেই প্রক্রিয়া আর বাধ্যতামূলক নয়। ফলে ভেরিফিকেশনের সময় এবং প্রশাসনিক জটিলতা— দুই-ই কমবে বলে মনে করা হচ্ছে।

তবে সব ক্ষেত্রেই যে বাড়িতে যাওয়া সম্পূর্ণ বন্ধ হবে, এমন নয়। কোনও আবেদনকারীর তথ্য নিয়ে যদি বিশেষ সন্দেহ বা অসঙ্গতি দেখা দেয়, তাহলে ব্যতিক্রমী পরিস্থিতিতে পুলিশ বাড়িতে গিয়ে তদন্ত করতে পারবে। কিন্তু সেই ক্ষেত্রেও আবেদনকারীকে থানায় ডেকে পাঠানো যাবে না বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে।

প্রশাসনের মতে, এই পরিবর্তনের মূল লক্ষ্য হল পাসপোর্ট ভেরিফিকেশন প্রক্রিয়াকে আরও দ্রুত, স্বচ্ছ এবং নাগরিকবান্ধব করে তোলা। একই সঙ্গে অপ্রয়োজনীয় হয়রানি কমিয়ে আবেদনকারীদের সময়ও বাঁচানো সম্ভব হবে।

তবে এই মুহূর্তে এই নতুন নিয়ম গুজরাটে কার্যকর হয়েছে। দেশের অন্যান্য রাজ্যে একই ব্যবস্থা চালু হবে কি না, সে বিষয়ে এখনও কোনও ঘোষণা করা হয়নি।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now