বলিউডে যখন জোর জল্পনা চলছিল দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং (Ranveer Singh)-এর সম্পর্ক নিয়ে, ঠিক তখনই সেই সমস্ত গুঞ্জনকে উল্টে দিয়ে সামনে এল একেবারে অন্য ছবি। বিচ্ছেদের আলোচনা ছাপিয়ে এখন শিরোনামে সুখবর—দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা।
শনিবার সন্ধ্যা থেকেই বিভিন্ন মহলে খবর ছড়াতে শুরু করে, সিংহ পরিবারে নাকি নতুন সদস্য আসতে চলেছে। দম্পতির ঘনিষ্ঠ মহলের সূত্রে আভাস মিলছিল, তিন থেকে চার হতে চলেছেন তাঁরা। তবে এই নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা না থাকায় জল্পনা চলছিলই।
অবশেষে রবিবার সেই ধোঁয়াশা কাটে। সমাজমাধ্যমে একটি ছবি ঘিরে শুরু হয় নতুন করে আলোচনা। সেখানে দেখা যায়, দম্পতির কন্যা দুয়া হাতে একটি প্রেগন্যান্সি কিট—যার লাল চিহ্ন স্পষ্টই ইঙ্গিত দিচ্ছে নতুন অতিথির আগমনের। এই ছবির মাধ্যমেই কার্যত সুখবরটি ভাগ করে নিলেন দীপিকা।
এরপর থেকেই শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে। সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu), পরিণীতি চোপড়া (Parineeti Chopra), ভূমি পেডনেকর (Bhumi Pednekar), সুনীল গ্রোভার (Sunil Grover)-সহ একাধিক তারকা শুভেচ্ছা জানিয়েছেন এই দম্পতিকে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর জন্ম হয় দীপিকা-রণবীরের প্রথম সন্তান দুয়ার। তার মাত্র দুই বছরের মধ্যেই দ্বিতীয় সন্তানের আগমনের খবর স্বাভাবিকভাবেই চমক দিয়েছে অনুরাগীদের। বিশেষ করে, যখন শোনা যাচ্ছিল কাজেও ফিরতে চলেছেন অভিনেত্রী। শিগগিরই আল্লু অর্জুন (Allu Arjun)-এর সঙ্গে তাঁর নতুন ছবি ‘রাকা’-য় দেখা যাওয়ার কথা। এই পরিস্থিতিতে তিনি শুটিং চালিয়ে যাবেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।
সব মিলিয়ে, যে সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে ছিল, সেই সম্পর্কই এবার নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছে। দীপিকা-রণবীরের পরিবারে ফের খুশির হাওয়া—এখন সেটাই বলিউডের সবচেয়ে বড় খবর।







