আধার কার্ড ব্যবহারকারীদের জন্য বড় সুবিধার ঘোষণা করল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। ১ জুলাই থেকে আগামী ছয় মাস পর্যন্ত আধারে ইমেল আইডি আপডেট করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে। শুধু তাই নয়, এই কাজের জন্য আর আধার সেবা কেন্দ্রে যাওয়ারও প্রয়োজন হবে না। নতুন আধার অ্যাপ থেকেই অনলাইনে ইমেল আইডি আপডেট করা যাবে।
ইউআইডিএআই জানিয়েছে, ডিজিটাল পরিষেবা আরও সহজ এবং নাগরিকবান্ধব করে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংস্থার বক্তব্য, “জনসাধারণকে আরও সুবিধা দিতে এবং ডিজিটাল পরিষেবা প্রদানের লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।”
এতদিন আধারে ইমেল আইডি পরিবর্তন বা যুক্ত করতে হলে আধার সেবা কেন্দ্রে যেতে হতো। নতুন ব্যবস্থায় সেই ঝামেলা থাকছে না। মোবাইলে নতুন আধার অ্যাপ ব্যবহার করেই কয়েকটি ধাপে ইমেল আইডি আপডেট করা যাবে। ফলে সময় যেমন বাঁচবে, তেমনই কোনও পরিষেবা ফি-ও দিতে হবে না।
আধারে সঠিক ইমেল আইডি যুক্ত থাকলে একাধিক গুরুত্বপূর্ণ সুবিধা পাওয়া যাবে। আধার সংক্রান্ত নিরাপত্তা সতর্কতা, তথ্য পরিবর্তনের নোটিফিকেশন, বায়োমেট্রিক লক বা আনলকের মতো পরিষেবার আপডেট সরাসরি ইমেইলে পৌঁছে যাবে। পাশাপাশি ভবিষ্যতে আধার-ভিত্তিক বিভিন্ন অনলাইন পরিষেবা ব্যবহার করাও আরও সহজ হবে।
সম্প্রতি চালু হওয়া নতুন আধার অ্যাপে শুধু ইমেল আপডেটই নয়, আরও বেশ কয়েকটি পরিষেবা এক জায়গায় পাওয়া যাচ্ছে। ব্যবহারকারীরা মোবাইল নম্বর ও ঠিকানা আপডেট করতে পারবেন, প্রয়োজন অনুযায়ী বায়োমেট্রিক লক বা আনলক করতে পারবেন, ই-আধার ডাউনলোড করা যাবে এবং কিউআর কোডের মাধ্যমে সীমিত আধার তথ্য নিরাপদে শেয়ার করার সুবিধাও মিলবে। এর ফলে বিভিন্ন পরিষেবার জন্য আধার কার্ডের ফটোকপি জমা দেওয়ার প্রয়োজনও অনেক ক্ষেত্রে কমে যাবে।
ডিজিটাল পরিষেবাকে আরও সহজলভ্য করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে মনে করছে ইউআইডিএআই। আগামী ছয় মাসের জন্য বিনামূল্যে ইমেল আপডেটের সুযোগ থাকায় যাঁদের আধারে এখনও সঠিক ইমেল আইডি যুক্ত নেই, তাঁদের জন্য এটি গুরুত্বপূর্ণ সুযোগ বলেই মনে করা হচ্ছে।






