ভারতের অনলাইন ফুড ডেলিভারি বাজারে বড় চমক দিতে চলেছে ফ্লিপকার্ট। এতদিন ই-কমার্স এবং দ্রুত পণ্য সরবরাহের পরিষেবায় সীমাবদ্ধ থাকলেও, এবার খাবার ডেলিভারির ব্যবসায় নামার প্রস্তুতি শুরু করেছে সংস্থাটি। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন পরিষেবার সূচনা হতে পারে বলে জানিয়েছেন ফ্লিপকার্টের চিফ এক্সিকিউটিভ অফিসার কল্যাণ কৃষ্ণমূর্তি।
সংস্থার পরিকল্পনা অনুযায়ী, প্রথমে সীমিত এলাকায় এই পরিষেবা চালু করা হবে। গ্রাহকদের প্রতিক্রিয়া এবং বাজারের চাহিদা বিচার করে ধাপে ধাপে পরিষেবার পরিধি বাড়ানো হবে।
জানা গিয়েছে, ফুড ডেলিভারির জন্য আলাদা একটি অ্যাপ আনবে ফ্লিপকার্ট। যদিও সেই অ্যাপের নাম এখনও প্রকাশ করা হয়নি। পাশাপাশি ফ্লিপকার্টের মূল প্ল্যাটফর্ম থেকেও খাবারের অর্ডার দেওয়ার সুযোগ থাকবে। নতুন পরিষেবাটি ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স (ONDC)-এর সঙ্গে যুক্ত থাকবে। ফলে রেস্তরাঁ এবং ডেলিভারি পার্টনারদের নেটওয়ার্ক ব্যবহার করে দ্রুত পরিষেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে সংস্থার।
ফ্লিপকার্টের এই পদক্ষেপের ফলে দেশের অনলাইন ফুড ডেলিভারি বাজারে প্রতিযোগিতা আরও তীব্র হতে পারে। বর্তমানে এই বাজারের বড় অংশ দখলে রয়েছে Zomato এবং Swiggy-র। নতুন প্রতিদ্বন্দ্বী হিসেবে ফ্লিপকার্টের প্রবেশ সেই সমীকরণে বড় পরিবর্তন আনতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
সম্প্রতি ‘Flipkart Minutes’ প্ল্যাটফর্মের মাধ্যমে দ্রুত পণ্য সরবরাহে ভালো সাড়া পেয়েছে সংস্থাটি। কল্যাণ কৃষ্ণমূর্তির দাবি, গত দু’বছরেরও কম সময়ে দেশের ১৩০টি শহরে এক হাজারের বেশি মাইক্রো ফুলফিলমেন্ট সেন্টার তৈরি করা হয়েছে। এই পরিকাঠামোই ভবিষ্যতে ফুড ডেলিভারি পরিষেবার ক্ষেত্রেও কাজে লাগানো হবে।
সংস্থার দাবি, ২০২৫ সালের তুলনায় এ বছর টিয়ার-১ এবং টিয়ার-২ শহরে তাদের পরিষেবার চাহিদা ৪২ গুণ বেড়েছে। বর্তমানে ফ্লিপকার্টের দ্রুত ডেলিভারি পরিষেবার প্রায় ৪০ শতাংশ গ্রাহকই জেন জ়ি প্রজন্মের।
এদিকে, ভারতের ফুড ডেলিভারি বাজারে প্রতিযোগিতা ইতিমধ্যেই বেড়েছে। সম্প্রতি র্যাপিডো ‘Only’ নামে নতুন একটি ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম চালু করেছে। অন্যদিকে, Swiggy কম দামে খাবার পৌঁছে দিতে নতুন পরিষেবা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। Zomato-ও ‘Bistro’ নামে একটি পরিষেবা চালু করেছে, যেখানে ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে চা, কফি, স্যান্ডউইচ এবং কেক-পেস্ট্রির মতো খাবার পৌঁছে দেওয়ার লক্ষ্য রাখা হয়েছে।
যদিও ফ্লিপকার্ট এখনও তাদের ফুড ডেলিভারি ব্যবসার পূর্ণাঙ্গ রূপরেখা প্রকাশ করেনি। তবে দেশের অন্যতম বড় ই-কমার্স সংস্থার এই নতুন পদক্ষেপ Zomato, Swiggy-সহ গোটা ফুড ডেলিভারি বাজারে যে নতুন প্রতিযোগিতার সূচনা করতে চলেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।






