FIFA World Cup 2026: ভারতে কোন চ্যানেলে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ? অবশেষে মিলল উত্তর

On: Monday, June 1, 2026 10:56 PM
---Advertisement---

বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কিন্তু এত দিন পর্যন্ত ভারতীয় ফুটবলপ্রেমীদের বড় প্রশ্ন ছিল একটাই— টেলিভিশন বা ডিজিটাল মাধ্যমে কোথায় দেখা যাবে ফুটবলের সবচেয়ে বড় আসর? অবশেষে সেই অনিশ্চয়তার অবসান হল।

FIFA-র সঙ্গে দীর্ঘমেয়াদি সম্প্রচার চুক্তি করেছে Zee Entertainment Enterprises Limited। সোমবার সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়েছে। চুক্তির মেয়াদ আট বছর। ফলে শুধু আসন্ন বিশ্বকাপই নয়, আগামী কয়েকটি বড় আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতাও ভারতীয় দর্শকরা জ়ি নেটওয়ার্কের প্ল্যাটফর্মে দেখতে পাবেন।

চুক্তির আওতায় রয়েছে ২০২৭ ও ২০৩১ সালের মহিলা ফুটবল বিশ্বকাপ, ২০৩০ ও ২০৩৪ সালের পুরুষদের ফুটবল বিশ্বকাপ-সহ মোট ৩৯টি আন্তর্জাতিক প্রতিযোগিতার সম্প্রচার অধিকার।

সম্প্রতি ক্রীড়া সম্প্রচারের জন্য চারটি নতুন চ্যানেল চালু করেছে জ়ি। ইউনাইট৮ স্পোর্টস ১, ইউনাইট৮ স্পোর্টস ১ এইচডি, ইউনাইট৮ স্পোর্টস ২ এবং ইউনাইট৮ স্পোর্টস ২ এইচডি— এই চারটি চ্যানেলে বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার করা হবে। টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল দর্শকদের জন্যও রয়েছে ব্যবস্থা। ZEE5 অ্যাপের মাধ্যমেও ম্যাচগুলি দেখা যাবে।

চুক্তির আর্থিক অঙ্ক আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে সংশ্লিষ্ট মহলের সূত্রে খবর, ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩২ কোটি টাকার বিনিময়ে এই সম্প্রচার স্বত্ব পেয়েছে জ়ি এন্টারটেনমেন্ট। শেষ কয়েক দিন ধরেই ফিফার সঙ্গে সংস্থার আলোচনা চলছিল এবং শেষ পর্যন্ত সেই আলোচনাই সফল হয়েছে।

চুক্তি চূড়ান্ত হওয়ার পর Romy Gai বলেন, “ভারতে ফুটবলের প্রচুর দর্শক। তাই ভারতের বাজার ফিফার কাছে খুবই গুরুত্বপূর্ণ। জ়ি এন্টারটেনমেন্ট ফুটবল বিশ্বকাপের সম্প্রচারের জন্য এগিয়ে এসেছে। তাদের সঙ্গে চুক্তি হয়েছে। তারা বিভিন্ন চ্যানেল ও ওটিটি মাধ্যমে খেলার সম্প্রচার করবে। আমরা নিশ্চিত, ভারতের ফুটবলপ্রেমী দর্শকেরা খুব ভাল ভাবে বিশ্বকাপের খেলা উপভোগ করতে পারবেন।”

বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক দিন আগে সম্প্রচারকারী সংস্থার নাম ঘোষণা হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ফুটবল অনুরাগীরা। এখন অপেক্ষা শুধু মাঠে বিশ্বসেরাদের লড়াই দেখার।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now