শেয়ার বাজারের ওঠানামা বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ভরসা নেই? অথচ প্রতি মাসে নিশ্চিত আয়ের একটি রাস্তা খুঁজছেন? সেই ক্ষেত্রে অনেকের কাছেই এখনও ভরসার জায়গা হয়ে রয়েছে পোস্ট অফিসের ছোট সঞ্চয় প্রকল্পগুলি। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় স্কিমগুলির একটি হল পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিম বা POMIS।
এই প্রকল্পে এককালীন টাকা জমা রাখলে প্রতি মাসে নির্দিষ্ট সুদ পাওয়া যায়। ফলে অবসরপ্রাপ্ত ব্যক্তি থেকে শুরু করে নিয়মিত মাসিক আয়ের বিকল্প খুঁজছেন যাঁরা, তাঁদের কাছে এই স্কিমের চাহিদা বরাবরই বেশি।
বর্তমানে পোস্ট অফিস মান্থলি ইনকাম স্কিমে বার্ষিক ৭.৪ শতাংশ হারে সুদ মিলছে। সেই সুদের অর্থ প্রতি মাসে অ্যাকাউন্টে জমা হয়। নিয়ম অনুযায়ী, একক অ্যাকাউন্টে সর্বাধিক ৯ লক্ষ টাকা এবং যৌথ অ্যাকাউন্টে মোট ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়।
তাহলে ১৫ লক্ষ টাকা রাখলে মাসে কত আয় হতে পারে?
বর্তমান সুদের হার অনুযায়ী, যৌথ MIS অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে প্রায় ৯,২৫০ টাকা পর্যন্ত আয় হতে পারে। অর্থাৎ বছরে শুধুমাত্র সুদ থেকেই মিলতে পারে প্রায় ১ লক্ষ ১১ হাজার টাকা। পাঁচ বছরের মেয়াদে এই হিসেব ধরলে সুদ বাবদ মোট আয় দাঁড়াতে পারে প্রায় ৫ লক্ষ ৫৫ হাজার টাকার কাছাকাছি।
তবে এই স্কিমে বিনিয়োগের আগে কিছু নিয়ম জানা জরুরি। অ্যাকাউন্ট খোলার এক বছরের মধ্যে তা বন্ধ করা যায় না। আবার তিন বছর পূর্ণ হওয়ার আগে টাকা তুলে নিলে জরিমানাও গুনতে হয়। সেক্ষেত্রে জমাকৃত অর্থের ২ শতাংশ কেটে নেওয়া হয়। এরপর বাকি টাকা ফেরত দেওয়া হয়।
কম ঝুঁকিতে নির্দিষ্ট রিটার্নের কারণে এখনও বহু মানুষ পোস্ট অফিসের এই প্রকল্পকে দীর্ঘমেয়াদি সঞ্চয়ের নিরাপদ মাধ্যম হিসেবে বেছে নিচ্ছেন।








