আদালতে সওয়ালের পর বিতর্ক, মমতার আইনজীবী পরিচয় খতিয়ে দেখছে বার কাউন্সিল

On: Thursday, May 14, 2026 10:01 PM
---Advertisement---

কলকাতা হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-র হাজিরা ঘিরে নতুন বিতর্ক তৈরি হল। ভোট-পরবর্তী হিংসা মামলায় নিজে সওয়াল করার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর আইনজীবী হিসেবে নথিভুক্তির অবস্থান এবং প্র্যাকটিসের বর্তমান স্ট্যাটাস নিয়ে পশ্চিমবঙ্গের বার কাউন্সিলের কাছে রিপোর্ট চাইল বার কাউন্সিল (Bar Council of India)। দু’দিনের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে একটি নির্বাচন-পরবর্তী হিংসা সংক্রান্ত মামলার শুনানিতে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবীদের নির্ধারিত পোশাক পরে আদালতে এসে তিনি নিজেই সওয়াল করেন। সেই ঘটনার পর থেকেই আইনি মহলের একাংশে প্রশ্ন উঠতে শুরু করে— তিনি এখনও সক্রিয় আইনজীবী হিসেবে তালিকাভুক্ত কি না।

সেই প্রেক্ষিতেই পশ্চিমবঙ্গের বার কাউন্সিলের কাছে একাধিক তথ্য জানতে চেয়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। মূলত চারটি বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা চাওয়া হয়েছে।

প্রথমত, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের তালিকাভুক্ত সদস্য কি না। দ্বিতীয়ত, আইনজীবী হিসেবে তাঁর প্র্যাকটিস বর্তমানে সক্রিয়, স্থগিত নাকি বাতিল অবস্থায় রয়েছে। তৃতীয়ত, মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি আইন পেশা সাময়িক স্থগিত রাখার বিষয়ে কোনও লিখিত নোটিস বা আবেদন জমা দিয়েছিলেন কি না। এবং চতুর্থত, পরে ফের প্র্যাকটিসে ফিরতে কোনও আনুষ্ঠানিক আবেদন করা হয়েছিল কি না।

চলতি বছরের ফেব্রুয়ারিতেও সুপ্রিম কোর্টে আইনজীবীর পোশাকে দেখা গিয়েছিল মমতাকে। নির্বাচন কমিশন সংক্রান্ত একটি মামলায় তিনি নিজেই সওয়াল করেছিলেন। দীর্ঘ বিরতির পর আদালতে তাঁর সেই প্রত্যাবর্তন রাজনৈতিক এবং আইনি মহলে যথেষ্ট আলোচনার জন্ম দেয়।

বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর মমতা প্রকাশ্যে জানিয়েছিলেন, তিনি আবার সক্রিয় ভাবে আইন পেশার সঙ্গে যুক্ত হতে চান এবং দলের বিভিন্ন মামলায় নিজে উপস্থিত থাকবেন। বৃহস্পতিবারের হাইকোর্টে হাজিরা সেই ঘোষণারই বাস্তব রূপ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

তবে এখন নজর বার কাউন্সিলের রিপোর্টের দিকে। কারণ, সেই রিপোর্টেই স্পষ্ট হবে— প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে নয়, আইনজীবী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বর্তমান সাংবিধানিক ও পেশাগত অবস্থান ঠিক কী।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now