পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে এবার রাজ্যগুলির সঙ্গে সরাসরি আলোচনা করতে উদ্যোগী কেন্দ্র। শুক্রবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, বর্তমান পরিস্থিতিতে দেশের প্রস্তুতি ও সমন্বয়ই এই বৈঠকের মূল লক্ষ্য।
সরকারি সূত্রের খবর, এই বৈঠকে বিশেষ গুরুত্ব পাবে পশ্চিম এশিয়া-র যুদ্ধ পরিস্থিতি। তার প্রভাব হিসেবে জ্বালানি সরবরাহ, বিশেষ করে এলপিজি গ্যাসের ঘাটতি, সাপ্লাই চেইনের চাপ এবং শক্তি সুরক্ষার মতো বিষয়গুলি খতিয়ে দেখা হবে। পাশাপাশি বিদেশে বসবাসকারী ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে থাকবেন না। যেসব রাজ্যে বর্তমানে নির্বাচন চলছে, আদর্শ আচরণবিধি কার্যকর থাকায় সেই রাজ্যগুলিকে এই বৈঠকের বাইরে রাখা হয়েছে। তাদের ক্ষেত্রে পরে মুখ্য সচিবদের নিয়ে পৃথক বৈঠক করবে কেন্দ্রীয় প্রশাসন।
প্রশাসনিক মহলের মতে, এই বৈঠকের মাধ্যমে আবারও ‘টিম ইন্ডিয়া’ ভাবনাকে সামনে আনতে চাইছে কেন্দ্র। করোনা মহামারির সময় যেমন কেন্দ্র-রাজ্য একযোগে কাজ করেছিল, তেমনই এই আন্তর্জাতিক সঙ্কটেও সমন্বিত পদক্ষেপের উপর জোর দেওয়া হবে।
সংঘাতের আবহে দেশের অভ্যন্তরীণ স্থিতাবস্থা বজায় রাখা এবং সম্ভাব্য জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুতি—এই দুই ক্ষেত্রেই রাজ্যগুলির ভূমিকা কতটা প্রস্তুত, তা এই বৈঠকে স্পষ্ট করার চেষ্টা করবেন প্রধানমন্ত্রী।





