রাজ্যে নতুন সামাজিক প্রকল্প ঘিরে জল্পনার মাঝেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠক শেষে তিনি জানান, বুধবার থেকেই আনুষ্ঠানিক ভাবে শুরু হচ্ছে ‘অন্নপূর্ণা ভান্ডার’ যোজনার সরকারি প্রক্রিয়া। ওই দিনই প্রকাশ করা হবে আবেদনপত্র বা ফর্ম।
কল্যাণীর এপিজে আব্দুল কালাম প্রেক্ষাগৃহে উত্তর ২৪ পরগনা, নদিয়া এবং হুগলির প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, রাজ্যের পুরনো কয়েকটি প্রকল্পকে নতুন কাঠামোয় আনার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।
শুভেন্দু অধিকারী বলেন, ‘‘লক্ষ্মীর ভাণ্ডারকে অন্নপূর্ণা ভান্ডারে এবং স্বাস্থ্য সাথীকে আয়ুষ্মান ভারতে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। নতুন প্রকল্পের সুবিধা পেতে হলে নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে।’’
মুখ্যমন্ত্রীর কথায়, বুধবার নবান্ন থেকে আনুষ্ঠানিক ভাবে সেই ফর্ম প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল, মুখ্যসচিব, অর্থসচিব-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক।
শুধু অন্নপূর্ণা ভান্ডার নয়, এ দিন মা ক্যান্টিন নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এখন থেকে সপ্তাহে দু’দিন মা ক্যান্টিনে মাছ-ভাত দেওয়া হবে। তবে খাবারের দাম অপরিবর্তিত থাকছে। মাত্র ৫ টাকাতেই মিলবে এই খাবার।
নতুন সরকারের একাধিক জনমুখী প্রকল্পের মধ্যে অন্নপূর্ণা ভান্ডারকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেই প্রশাসনিক মহলের ধারণা। ইতিমধ্যেই এই প্রকল্প নিয়ে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ বাড়তে শুরু করেছে। বুধবার ফর্ম প্রকাশের পর আবেদন প্রক্রিয়া নিয়ে আরও বিস্তারিত তথ্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে।






