কেন্দ্রীয় রেশম বোর্ডে চাকরির সুযোগ। ইয়ং প্রফেশনাল পদে মোট ১৪ জনকে নিয়োগ করা হবে। সম্প্রতি এই নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থা। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত নিয়ম মেনে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ইয়ং প্রফেশনাল পদে নিয়োগের প্রাথমিক মেয়াদ দু’বছর। তবে প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী এই মেয়াদ বাড়ানো হতে পারে। নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৭০ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে নির্দিষ্ট শর্ত রয়েছে। কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা CA যোগ্যতা অর্জনকারীরা আবেদন করতে পারবেন। এর পাশাপাশি সরকারি ক্ষেত্রে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন। অন্যদিকে, MBA অথবা MCom ডিগ্রিধারীরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে তাঁদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্রে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লিখিত অন্যান্য যোগ্যতার শর্তও প্রার্থীদের পূরণ করতে হবে।
এই পদে মূলত কেন্দ্রীয় রেশম বোর্ডের আর্থিক ও প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত দায়িত্ব সামলাতে হবে। নিযুক্ত প্রার্থীদের স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সরকারি হিসাব ও অর্থ সংক্রান্ত বিষয় পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। সরকারি নিয়ম মেনে বিভিন্ন সামগ্রী ও পরিষেবা কেনার নথিপত্র পরীক্ষা করা, অডিট সংক্রান্ত কাজ পরিচালনা এবং কর ও অন্যান্য আর্থিক বিধি যথাযথ ভাবে মানা হচ্ছে কি না, তা দেখাও দায়িত্বের মধ্যে থাকবে।
এ ছাড়াও কর্মীদের যাতায়াত ভাতা, চিকিৎসা সংক্রান্ত বিল এবং পেনশন সংক্রান্ত আবেদনপত্র যাচাই করতে হবে। প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রেও এই পদে নিযুক্ত প্রার্থীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।
আবেদন করবেন কী ভাবে?
আবেদন করতে হলে প্রথমে কেন্দ্রীয় রেশম বোর্ডের সরকারি ওয়েবসাইটের Job Opportunities বিভাগে যেতে হবে। সেখানে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ তারিখ ৭ অক্টোবর।
নিয়োগের যোগ্যতা, প্রয়োজনীয় নথি, আবেদন পদ্ধতি এবং অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে প্রার্থীদের কেন্দ্রীয় রেশম বোর্ডের মূল বিজ্ঞপ্তিটি ভালো ভাবে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।







