ব্যাঙ্ক অফ বরোদায় লোকাল ব্যাঙ্ক অফিসার নিয়োগের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। একই সময়ের মধ্যে আবেদন ফিও জমা দিতে হবে। গত ৭ সেপ্টেম্বর এই সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে সময়সীমা বৃদ্ধির কথা জানানো হয়েছে।
এই নিয়োগের মাধ্যমে নিয়মিত ভিত্তিতে জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল ১ পদমর্যাদার লোকাল ব্যাঙ্ক অফিসার নেওয়া হবে। মোট শূন্যপদের সংখ্যা ২,৪৮২। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, অনলাইন পরীক্ষা অক্টোবরের প্রথম সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে।
যোগ্যতা কী
আবেদনকারীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। পাশাপাশি, কোনও শিডিউলড কমার্শিয়াল ব্যাঙ্কে অফিসার পদে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
যে রাজ্যের জন্য প্রার্থী আবেদন করবেন, সেই রাজ্যের নির্ধারিত স্থানীয় ভাষাতেও দক্ষতা থাকতে হবে। আবেদনকারীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ক্ষেত্রে নির্ধারিত ছাড় পাবেন।
কোন রাজ্যে কত পদ
রাজ্যভিত্তিক নিয়োগের ক্ষেত্রে গুজরাতে সর্বাধিক ১,১৮৫টি শূন্যপদ রয়েছে। কর্নাটকে ৪১৮টি এবং মহারাষ্ট্রে ২১৮টি পদে নিয়োগ করা হবে। অন্যান্য রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের শূন্যপদের বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে।
আবেদন ফি কত
সাধারণ এবং ওবিসি শ্রেণির প্রার্থীদের আবেদন ফি ৮৫০ টাকা। অন্যদিকে, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি এবং মহিলা প্রার্থীদের জন্য ফি ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
কী ভাবে হবে নির্বাচন
একাধিক ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। প্রথমে হবে অনলাইন লিখিত পরীক্ষা। এরপর স্থানীয় ভাষায় দক্ষতা যাচাই করা হবে। পরবর্তী ধাপে গ্রুপ ডিসকাশন অথবা ব্যক্তিগত সাক্ষাৎকার নেওয়া হতে পারে। সবশেষে নথিপত্র যাচাই এবং মেডিক্যাল পরীক্ষার পর নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
নিয়োগের পর গুরুত্বপূর্ণ শর্ত
নির্বাচিত প্রার্থীদের ব্যাঙ্কের সঙ্গে ন্যূনতম তিন বছরের সক্রিয় পরিষেবা দেওয়ার চুক্তি করতে হবে। নির্ধারিত সময়ের আগে চাকরি ছেড়ে দিলে চুক্তি অনুযায়ী আর্থিক জরিমানা দিতে হতে পারে। কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এই জরিমানার পরিমাণ সর্বোচ্চ দুই লক্ষ টাকা পর্যন্ত হতে পারে এবং তা তিন মাসের মোট বেতনের সমপরিমাণ হতে পারে।
কী ভাবে আবেদন করবেন
ইচ্ছুক প্রার্থীদের ব্যাঙ্ক অফ বরোদার নিজস্ব নিয়োগ পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। ১৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে রেজিস্ট্রেশন, আবেদনপত্র জমা এবং নির্ধারিত ফি প্রদান সম্পূর্ণ করতে হবে। আবেদনের আগে প্রার্থীদের সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া সমস্ত যোগ্যতা ও শর্ত ভালো করে দেখে নেওয়া জরুরি।







