অন্নপূর্ণা যোজনার টাকা কবে অ্যাকাউন্টে ঢুকবে, তা নিয়ে এতদিন ধরে অপেক্ষায় ছিলেন বহু আবেদনকারী। জুন ও জুলাই মাসে টাকা পাওয়ার পর অগস্টে কবে অর্থ মিলবে, সেই প্রশ্নও উঠছিল। এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। প্রশাসনিক সূত্রের খবর, আগামী ১৭ অগস্ট থেকে যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে।
তবে অগস্টের কিস্তি পাওয়ার ক্ষেত্রে রয়েছে নির্দিষ্ট কিছু শর্ত। সূত্রের খবর, ১০ জুলাই পর্যন্ত যাঁরা আবেদন করেছেন এবং যাচাইয়ের পর যাঁদের আবেদনে কোনও ত্রুটি পাওয়া যায়নি, তাঁদেরই অগস্টের কিস্তি দেওয়ার জন্য বিবেচনা করা হবে। অর্থাৎ, শুধু আবেদন করলেই এই মাসে টাকা পাওয়ার নিশ্চয়তা নেই। আবেদনকারীর যোগ্যতা এবং জমা দেওয়া নথিপত্রের যাচাই সম্পূর্ণ হওয়াও জরুরি।
যাঁরা জুন ও জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন, তাঁরাও অগস্টের কিস্তি পাওয়ার সম্ভাব্য তালিকায় রয়েছেন। একইসঙ্গে নতুন আবেদনকারীদের মধ্যেও যাঁদের আবেদন ১০ জুলাইয়ের মধ্যে জমা পড়েছে এবং ভেরিফিকেশনে কোনও সমস্যা নেই, তাঁদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হতে পারে।
অন্যদিকে, ১১ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে যাঁরা আবেদন করেছেন, তাঁদের অগস্টের কিস্তির জন্য অপেক্ষা করতে হতে পারে। কারণ ওই আবেদনগুলির যাচাই এখনও চলছে। সূত্রের খবর, ভেরিফিকেশন শেষ হওয়ার পরে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে তাঁদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর সম্ভাবনা রয়েছে।
কেন এত সময় লাগছে
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, বর্তমানে অন্নপূর্ণা যোজনার আবেদনগুলির চূড়ান্ত যোগ্যতা যাচাই চলছে। আবেদনকারীর দেওয়া তথ্য ও নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। প্রকৃত যোগ্য উপভোক্তার কাছেই যাতে সরকারি আর্থিক সাহায্য পৌঁছয়, তা নিশ্চিত করতেই এই যাচাই প্রক্রিয়া চালানো হচ্ছে।
অগস্টে টাকা না এলে কী করবেন
আপনার অ্যাকাউন্টে এখনও টাকা না ঢুকলে প্রথমেই আবেদনটির বর্তমান স্ট্যাটাস জেনে নেওয়া জরুরি। এর জন্য স্থানীয় বিডিও অফিসে যোগাযোগ করা যেতে পারে। জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও অফিসে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অন্নপূর্ণা যোজনার পাশাপাশি বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতার আবেদন সংক্রান্ত তথ্যও বিনামূল্যে যাচাই করা হচ্ছে।
আবেদনকারীরা আধার কার্ড, ভোটার কার্ড অথবা অন্নপূর্ণা যোজনার আইডেন্টিফিকেশন নম্বর সঙ্গে নিয়ে গেলে সংশ্লিষ্ট কর্মীরা আবেদনের বর্তমান অবস্থা জানিয়ে দিচ্ছেন।
জলপাইগুড়ির বাসিন্দা রিনা রায়ের কথায়, “টাকা না আসায় ভীষণ চিন্তায় ছিলাম। বিডিও অফিসে আধার কার্ড দিয়ে স্ট্যাটাস দেখতেই জানতে পারি আবেদন মঞ্জুর হয়েছে এবং ১৭ তারিখে টাকা আসবে।”
পুজোর আগে আরও বড় আপডেট
অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়ার সময়সূচি নিয়েও বড় পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। সূত্রের খবর, অক্টোবর মাস অর্থাৎ পুজোর সময় থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর পরিকল্পনা রয়েছে। সরকার ক্ষমতায় থাকা পর্যন্ত যোগ্য মহিলারা এই সুবিধা পাবেন বলেও জানানো হয়েছে।
তবে অগস্টের কিস্তি নিয়ে আরও স্পষ্ট ছবি পাওয়া যেতে পারে আগামী ১০ অগস্ট। ওই দিন দুপুর ২টো নাগাদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী মালতী রাভা রায় সাংবাদিক বৈঠক করবেন বলে জানানো হয়েছে। সেখানে অন্নপূর্ণার টাকা কারা পাবেন এবং কারা এই দফায় বাদ পড়বেন, তা আরও স্পষ্ট হতে পারে।
অর্থাৎ, অগস্টে ৩ হাজার টাকা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়াচ্ছে আবেদনের তারিখ এবং ভেরিফিকেশনের ফল। ১০ জুলাই পর্যন্ত আবেদন করে যাঁদের নথি ও যোগ্যতা যাচাইয়ে কোনও সমস্যা নেই, তাঁদেরই ১৭ অগস্ট থেকে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ১১ থেকে ৩১ জুলাইয়ের আবেদনকারীদের আরও কিছুটা অপেক্ষা করতে হতে পারে।






