AI-এর ধাক্কায় বাড়ছে স্মার্টফোনের দাম! কম বাজেটের নতুন ফোন আনছে ভারতীয় সংস্থা

On: Tuesday, July 7, 2026 11:30 PM
---Advertisement---

কৃত্রিম মেধা বা AI প্রযুক্তির দ্রুত বিস্তারের প্রভাব এবার স্পষ্টভাবে পড়ছে স্মার্টফোনের বাজারে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, AI-নির্ভর ডিভাইসের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে স্মার্টফোন তৈরির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের দামও বেড়ে চলেছে। ফলে নির্মাণ খরচ বাড়ায় একের পর এক সংস্থা উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে।

বিশেষজ্ঞদের দাবি, AI-ভিত্তিক পরিষেবার জন্য বিশ্বজুড়ে র‌্যাম, স্টোরেজ চিপ এবং শক্তিশালী প্রসেসরের চাহিদা হু হু করে বেড়েছে। এর পাশাপাশি প্রিন্টেড সার্কিট বোর্ড (PCB) এবং কুলিং সিস্টেমের মতো উপাদানের দামও বৃদ্ধি পেয়েছে। অনেক যন্ত্রাংশ প্রস্তুতকারী সংস্থা এখন ডেটা সেন্টার ও AI অবকাঠামো নির্মাণে বেশি গুরুত্ব দেওয়ায় স্মার্টফোন শিল্পে সরবরাহের চাপ তৈরি হয়েছে।

এই পরিস্থিতির প্রভাব পড়েছে ভারতের বাজারেও। বিশ্লেষকদের মতে, বাজেট স্মার্টফোনের ক্ষেত্রে জনপ্রিয় সংস্থা শাওমি এবং ভিভোর মতো কোম্পানিগুলি উৎপাদন কমিয়েছে। কারণ, কম দামে ফোন তৈরি করা এখন আগের তুলনায় অনেক বেশি কঠিন হয়ে পড়েছে।

বিশেষজ্ঞদের দাবি, কয়েক বছর আগে যে ধরনের স্মার্টফোন ১০ হাজার টাকার মধ্যে পাওয়া যেত, এখন একই ধরনের ডিভাইস কিনতে ২০ হাজার টাকারও বেশি খরচ করতে হচ্ছে।

এই পরিস্থিতির মধ্যেই নতুন বাজেট স্মার্টফোন আনার ঘোষণা করেছে ভারতীয় ব্র্যান্ড ফায়ার-বোল্ট। সংস্থার নতুন স্মার্টফোনের নাম Bolt। ই-কমার্স প্ল্যাটফর্মে ইতিমধ্যেই ফোনটির প্রচার শুরু হয়েছে। সংস্থার দাবি, ফোনটির দাম ২০ হাজার টাকার নিচে রাখা হবে, যাতে সাধারণ ক্রেতার নাগালের মধ্যেই থাকে।

তবে নতুন এই ডিভাইস নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে প্রযুক্তি মহলে। জানা গিয়েছে, ফোনটিতে চিনা সংস্থার তৈরি UNISOC প্রসেসর ব্যবহার করা হবে। ফলে কম দামে বাজারে এলেও এর পারফরম্যান্স এবং দীর্ঘমেয়াদি ব্যবহার কেমন হবে, তা নিয়ে প্রশ্ন তুলছেন প্রযুক্তি বিশ্লেষকদের একাংশ।

একদিকে AI প্রযুক্তির জন্য যন্ত্রাংশের খরচ বাড়ছে, অন্যদিকে বাজেটের মধ্যে নতুন ফোন আনার চেষ্টা করছে ভারতীয় সংস্থাগুলি। আগামী দিনে এই প্রতিযোগিতা স্মার্টফোন বাজারের দামের উপর কতটা প্রভাব ফেলে, সেদিকেই নজর থাকবে ক্রেতা এবং শিল্পমহলের।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now