স্ট্রংরুমে ‘রহস্যময় ওরা কারা’? EVM নিয়ে কী চলছিল? জানুন আসল ঘটনা

On: Thursday, April 30, 2026 10:14 PM
---Advertisement---

ভোটগ্রহণ শেষ হতেই এবার নজর স্ট্রংরুমে। আর সেই স্ট্রংরুমকে ঘিরেই তৈরি হল নতুন রাজনৈতিক বিতর্ক। কলকাতার Khudiram Anushilan Kendra-তে ‘সন্দেহজনক গতিবিধি’র অভিযোগ তুলে সরব হল তৃণমূল কংগ্রেস।

বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রের গেটের বাইরে অবস্থানে বসেন দলের দুই প্রার্থী Kunal Ghosh এবং Shashi Panja। দলীয় সূত্রে খবর, পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যাওয়ার কথা রয়েছে তৃণমূলনেত্রী Mamata Banerjee-রও। অন্যদিকে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন বিজেপির প্রার্থী Tapas Roy ও Santosh Pathak, ফলে এলাকা ঘিরে রাজনৈতিক চাপানউতোর আরও বেড়েছে।

তৃণমূলের অভিযোগ, স্ট্রংরুমের ভিতরে কারা ঢুকেছে এবং কীভাবে ঢুকেছে, তা স্পষ্ট নয়। সেখানে রাখা ইভিএমে কারচুপির আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না দল। এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “সাড়ে ৩টে পর্যন্ত স্ট্রংরুমে সামনে দলীয় কর্মী-সমর্থকরা ছিলেন। তাঁদের বিকেলের দিকে সরিয়ে দেওয়া হয়। মাঝে আচমকা ইমেল পাঠিয়ে জানানো হয়, বিকেল ৪টের সময় ফের খোলা হবে স্ট্রংরুম। আমরা তখন দলীয় কর্মীদের সঙ্গে ফোনে যোগাযোগ করি। জিজ্ঞেস করি, তোমরা আছ? তাঁরা জানান, চলে গিয়েছেন। তখন আমরা দু’জনে দৌড়ে আসি। এখন আমাদের ঢুকতে দিচ্ছে না।”

একই সুর শোনা গিয়েছে শশী পাঁজার গলাতেও। তাঁর দাবি, স্ট্রংরুমের ভিতরে কী কাজ হচ্ছে, তা নিয়ে নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত।

যদিও এই অভিযোগ পুরোপুরি খারিজ করেননি, আবার নিশ্চিতও করেননি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল (Manoj Agarwal)। তিনি বলেন, “আমার কাছে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও অভিযোগ জমা পড়েনি। যদি এমন কিছু হয়ে থাকে তবে বিষয়টি উত্তর কলকাতার জেলা নির্বাচনী আধিকারিক দেখবেন।” পাশাপাশি সাংবাদিকদের উদ্দেশে তাঁর মন্তব্য, “আপনারা চাইলে গিয়ে পরিস্থিতি দেখে আসতে পারেন।”

ভোটের পর ফল ঘোষণার আগে এই ধরনের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা নতুন কিছু নয়। তবে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ঘিরে এই পরিস্থিতি কোন দিকে গড়ায়, এখন সেটাই দেখার।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now