বিমানবন্দরে প্রিয় ক্রিকেটারকে সামনে পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হয়ে পড়েছিলেন দুই খুদে সমর্থক। কিন্তু তাঁদের সেই আগ্রহে প্রথমে যেন ঠান্ডা জল ঢাললেন তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। ছবি তুলতে এগিয়ে আসতেই সরাসরি জানিয়ে দিলেন, বিনামূল্যে ছবি তুলবেন না—প্রতি ছবির জন্য ১০০ টাকা দিতে হবে।
ঘটনাটি ঘটেছে Jaipur International Airport-এ। একটি ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, বৈভবকে দেখে দুই সমর্থক ছবি তুলতে চাইলে তিনি বলেন, “ভাই, আমি টাকা নিই। আমি এখন সত্যি করে তোমাদের বলছি, আমি ১০০ টাকা করে নেব।” কথাটা শুনে খানিকটা হতভম্ব হলেও কিছুক্ষণ পর সত্যিই ২০০ টাকা জোগাড় করে ফিরে আসে ওই দুই সমর্থক।
এরপরেই আসল মোড়। টাকা হাতে নিয়ে বৈভব হেসে ফেলেন এবং জানান, তিনি আসলে মজা করছিলেন। তারপর ওই দুই সমর্থকের সঙ্গে একাধিক ছবি তোলেন তিনি। তাঁর এই কাণ্ডে হাসিতে ফেটে পড়েন আশপাশে থাকা সতীর্থরাও।
মাঠের পারফরম্যান্সের মতোই এই সহজ-সরল মুহূর্তও নজর কাড়ছে ক্রিকেটপ্রেমীদের। সম্প্রতি এক ম্যাচে অস্ট্রেলিয়ার অধিনায়ক Pat Cummins-এর প্রথম বলেই ছক্কা মেরেছিলেন বৈভব। ম্যাচের পর তাঁর প্রশংসায় পঞ্চমুখ হন কামিন্স। তিনি বলেন, “এখন বৈভবই আমার প্রিয় ক্রিকেটার। কী জোরে বল মারে! প্রতিটি বল দূরে দূরে পাঠায়। ওর ব্যাটিং দেখতে দারুণ লাগে।”
বোলারদের জন্য বৈভবকে সামলানো কতটা কঠিন, সেই প্রশ্নে কামিন্সের জবাব ছিল স্পষ্ট—“বলের লাইন এবং লেংথ খুব ভাল না হলেই মেরে দেবে। বোলার হিসাবে নিখুঁত হতে হবে। ক্রিকেটজীবনটা যে ভাবে শুরু করেছে, এক কথায় দুর্দান্ত।”
মাঠে দাপুটে পারফরম্যান্স আর মাঠের বাইরে এমন হালকা মেজাজ—সব মিলিয়ে বৈভব সূর্যবংশী এখন আলোচনার কেন্দ্রেই।








