ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর তরফে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান, কুক এবং ফায়ারম্যান পদে মোট ২২টি শূন্যপদ পূরণ করা হবে। যোগ্য প্রার্থীদের ইসরোর সরকারি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
নিয়োগের আওতায় টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে ৫ জন, টেকনিশিয়ান পদে ১৩ জন, কুক পদে ১ জন এবং ফায়ারম্যান পদে ৩ জনকে নেওয়া হবে। প্রতিটি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বয়সের সীমা এবং অন্যান্য শর্ত আলাদা। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে নিজের যোগ্যতা যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
অনলাইনে আবেদন করার সময় প্রার্থীরা পরীক্ষাকেন্দ্র হিসেবে নিজেদের পছন্দের শহর বেছে নেওয়ার সুযোগ পাবেন।
বাছাই প্রক্রিয়া
সব পদের ক্ষেত্রেই প্রথমে লিখিত পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় যোগ্য প্রার্থীদের পরবর্তী ধাপে দক্ষতা পরীক্ষায় অংশ নিতে হবে। এই দক্ষতা পরীক্ষা গো অথবা নো গো পদ্ধতিতে হবে। অর্থাৎ দক্ষতা পরীক্ষায় প্রার্থীদের নির্ধারিত মান পূরণ করতে হবে।
দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে লিখিত পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে চূড়ান্ত নিয়োগের জন্য প্রার্থী বেছে নেওয়া হবে।
ফায়ারম্যান পদে আলাদা ভাবে শারীরিক সক্ষমতা পরীক্ষা এবং মেডিক্যাল পরীক্ষার ধাপ রয়েছে। প্রাথমিক বাছাইয়ের পর প্রার্থীদের পিইটি দিতে হবে। এই শারীরিক পরীক্ষা দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে উত্তীর্ণ হলে দ্বিতীয় ধাপে যাওয়ার সুযোগ মিলবে। এরপর নির্ধারিত শারীরিক মান পূরণকারী প্রার্থীদের বিস্তারিত মেডিক্যাল পরীক্ষার মুখোমুখি হতে হবে।
ফায়ারম্যান পদের লিখিত পরীক্ষা অফলাইনে ওএমআর পদ্ধতিতে তিরুনেলভেলি এবং চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে।
আবেদন ফি
এই নিয়োগে প্রতিটি পদের জন্য আবেদন ফি ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এসবিআই ই পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে ফি জমা দেওয়া যাবে। এছাড়া ইন্টারনেট ব্যাঙ্কিং, দেশীয় ডেবিট কার্ড, দেশীয় ক্রেডিট কার্ড এবং ইউপিআইয়ের মাধ্যমেও আবেদন ফি দেওয়া যাবে।
আবেদনের আগে ইসরোর সরকারি ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ভালো ভাবে পড়ে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং অন্যান্য প্রয়োজনীয় শর্ত সম্পর্কে নিশ্চিত হয়ে নেওয়া জরুরি।







