সকালের নিত্যদিনের সঙ্গী দাঁতের ব্রাশ। সেই সাধারণ ব্রাশেই এ বার যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। এমনই অত্যাধুনিক একটি এআই টুথব্রাশ বাজারে এনেছে প্রযুক্তি সংস্থা ডাইসন। সংস্থার দাবি, এই ব্রাশ দাঁতের ফাঁকে আটকে থাকা ময়লা এবং খাবারের কণা ক্যামেরার সাহায্যে শনাক্ত করতে পারে। ফলে কোন জায়গায় বেশি করে ব্রাশ করতে হবে, তা বুঝতে সুবিধা হবে ব্যবহারকারীর।
ক্যামেরায় নজর দাঁতের ফাঁকে
ডাইসনের নতুন ডিভাইসটি শুধু বৈদ্যুতিক টুথব্রাশ নয়, এর সঙ্গে রয়েছে ক্যামেরা এবং ওয়াটার ফ্লাশিংয়ের ব্যবস্থাও। সংস্থার প্রকাশ করা ভিডিয়োয় ব্রাশটির গায়ে থাকা ক্যামেরা ও তরল ছড়ানোর ব্যবস্থা দেখা গিয়েছে। দাঁত পরিষ্কার করার সময় কী ভাবে ডিভাইসটি ব্যবহার করতে হবে, সেটিও দেখানো হয়েছে।

ডাইসনের দাবি, ব্রাশটিতে রয়েছে ১০০কে পিক্সেলের ম্যাক্রো লেন্স ক্যামেরা। সেটি প্রতি সেকেন্ডে মুখের ভিতরের ২৮টি ছবি বিশ্লেষণ করতে পারে। ব্রাশের মধ্যে থাকা এআই প্রযুক্তি সেই ছবি বিশ্লেষণ করে দাঁতের ফাঁক এবং সেখানে আটকে থাকা ময়লা বা খাবারের টুকরো শনাক্ত করতে সক্ষম।
জল দিয়ে পরিষ্কারের ব্যবস্থাও
শুধু ময়লা শনাক্ত করাই নয়, দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার বের করার জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা। ডাইসনের ওয়েবসাইট অনুযায়ী, ব্রাশটি দুই মাড়ির মধ্যবর্তী নির্দিষ্ট জায়গায় প্রায় ০.১৫ মিলিলিটার তরল পৌঁছে দিতে পারে। এর ফলে দাঁতের ফাঁকে আটকে থাকা খাবারের কণা ধুয়ে বের করে দেওয়া সম্ভব হবে বলে সংস্থার দাবি।
এমনকি ডিভাইসটিকে ওয়াইফাইয়ের সঙ্গে সংযুক্ত করার সুবিধাও রয়েছে।
গোপনীয়তা নিয়ে প্রশ্ন নেটদুনিয়ায়
বাজারে আসার পর প্রযুক্তির অভিনবত্বের পাশাপাশি বিতর্কেও জড়িয়েছে এই এআই টুথব্রাশ। মূল প্রশ্ন উঠেছে ক্যামেরা নিয়ে। নেটিজেনদের একাংশের আশঙ্কা, মুখের ভিতরের ছবি তোলার পাশাপাশি ব্রাশে ক্যামেরা থাকার কারণে ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে সমস্যা তৈরি হতে পারে।
অনেকেই আবার প্রশ্ন তুলেছেন, সাধারণত বাথরুমেই দাঁতের ব্রাশ রাখা হয়। সেখানে ক্যামেরাযুক্ত কোনও ডিভাইস ব্যবহার করলে ব্যক্তিগত নিরাপত্তা কতটা বজায় থাকবে?
View this post on Instagram
কী বলছে ডাইসন
ব্যবহারকারীদের এই উদ্বেগ অবশ্য ডাইসন গুরুত্বহীন বলেই মনে করছে। সংস্থার বক্তব্য, দাঁত পরিষ্কার করার সময় ক্যামেরা ব্যবহার করা বাধ্যতামূলক নয়। প্রয়োজন অনুযায়ী ব্যবহারকারী ক্যামেরা বন্ধ করে রাখতে পারবেন। তবে ক্যামেরা চালু থাকলে ডিভাইসে একটি আলো জ্বলবে বলে জানিয়েছে সংস্থা।
দাম শুনলে চমকে যেতে পারেন
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এই টুথব্রাশের দামও যথেষ্ট বেশি। ডাইসনের এই এআই চালিত দাঁতের ব্রাশটির দাম ৪৯৯.৯৯ ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৪৭ হাজার টাকা। অর্থাৎ সাধারণ টুথব্রাশের তুলনায় এই ডিভাইসের দাম যে অনেকটাই বেশি, তা বলাই বাহুল্য।







