স্যামসাংয়ের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন নিয়ে ইতিমধ্যেই প্রযুক্তি মহলে জোর চর্চা শুরু হয়েছে। গ্যালাক্সি এস২৭ সিরিজ বাজারে আসার আগেই ফোনটির ক্যামেরা সংক্রান্ত একাধিক তথ্য প্রকাশ্যে এসেছে। প্রযুক্তি বিশ্লেষকদের দাবি, নতুন মডেলে এমন কিছু ক্যামেরা প্রযুক্তি থাকতে পারে, যা সেলফি ফটোগ্রাফির ক্ষেত্রে অ্যাপলের আইফোনের সঙ্গে স্যামসাংয়ের ব্যবধান আরও কমিয়ে দিতে পারে।
সূত্রের খবর, ২০২৭ সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি নাগাদ গ্যালাক্সি এস২৭ সিরিজ বাজারে আনতে পারে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি সংস্থা। এই সিরিজে একাধিক মডেল থাকার সম্ভাবনা রয়েছে। তালিকায় থাকতে পারে গ্যালাক্সি এস২৭, এস২৭ প্লাস, এস২৭ আল্ট্রা এবং এস২৭ প্রো।
আইফোনের মতো সেন্সর আসতে পারে স্যামসাংয়ে
নতুন গ্যালাক্সি এস২৭ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেলফি ক্যামেরা ঘিরে। প্রযুক্তি মহলের একাংশের দাবি, ফোনটির সামনের ক্যামেরায় ১:১ অনুপাতের বর্গাকার সেন্সর ব্যবহার করা হতে পারে। এই ধরনের সেন্সর ব্যবহারের ফলে সেলফি ক্যামেরার ক্ষেত্রে আইফোনের সঙ্গে গ্যালাক্সি এস২৭-এর প্রযুক্তিগত পার্থক্য অনেকটাই কমে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বর্তমানে আইফোনে ১৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। অন্য দিকে, ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, গ্যালাক্সি এস২৭-এ ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। শুধু মেগাপিক্সেলের হিসাব নয়, সেন্সরের আকার ও অনুপাতও ছবির মান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সেই জায়গাতেই স্যামসাং নতুন পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে।
ভিভো ও সনির ৬৮ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে চর্চা
শুধু স্যামসাং নয়, স্মার্টফোনের ক্যামেরা প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালাচ্ছে অন্যান্য সংস্থাও। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, ভিভো এবং সনি ৬৮ মেগাপিক্সেলের ক্যামেরা নিয়ে কাজ করছে। এই ক্যামেরার লেন্স তৈরির কাজ সম্পূর্ণ হলেও স্মার্টফোনে ব্যবহারের জন্য এখনও চূড়ান্ত অনুমোদন মেলেনি বলে খবর।
আগামী দিনে ভিভোর এক্স সিরিজের নতুন স্মার্টফোন বাজারে আসতে পারে। সেই ডিভাইসে ৬৮ মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করা হবে কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে এমন প্রযুক্তি নিয়ে পরীক্ষা চালানোর খবর সামনে আসায় স্মার্টফোন ক্যামেরার বাজারে প্রতিযোগিতা আরও বাড়তে পারে।
টেকনোর ফোনেও নতুন ক্যামেরা ডিজাইনের ইঙ্গিত
এদিকে টেকনোও তাদের আগামী দিনের স্মার্টফোন নিয়ে ইঙ্গিত দিয়েছে। সংস্থার প্রকাশ করা ছবিতে দু’টি নতুন ডিভাইসের নকশা দেখা গিয়েছে। একটি ফোনে প্রায় বেজ়েলহীন ডিসপ্লে রয়েছে। অন্য একটি ডিভাইসে দেখা গিয়েছে পেরিস্কোপিক জ়ুম লেন্স।
তবে প্রকাশিত ছবির দুই ফোন একই সিরিজের আলাদা মডেল কি না, সে বিষয়ে এখনও স্পষ্ট তথ্য সামনে আসেনি। ফলে টেকনোর নতুন ফোনগুলির নাম, স্পেসিফিকেশন এবং বাজারে আসার সময় জানতে আরও অপেক্ষা করতে হবে।
সব মিলিয়ে, ২০২৭ সালের স্মার্টফোন বাজারে ক্যামেরা প্রযুক্তি ঘিরে প্রতিযোগিতা আরও তীব্র হতে চলেছে বলেই মনে করা হচ্ছে। তবে গ্যালাক্সি এস২৭-এর ক্যামেরা সংক্রান্ত এই তথ্যগুলি এখনও আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করেনি স্যামসাং। ফলে চূড়ান্ত স্পেসিফিকেশন জানতে সংস্থার আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।







