একটি ছোট কাপড়ের টুকরো, অথচ তার দাম একসময় ছিল ১৯ ডলার। সেই কারণেই বাজারে আসার পর ব্যাপক আলোচনা ও সমালোচনার মুখে পড়েছিল অ্যাপলের ‘পলিশিং ক্লথ’। এবার সেই বিতর্কিত অ্যাক্সেসরিজ়টির দাম উল্লেখযোগ্য ভাবে কমানোর সিদ্ধান্ত নিয়েছে প্রযুক্তি সংস্থা। অ্যাপলের অনলাইন স্টোরে এখন ৯ ডলারে পাওয়া যাচ্ছে এই বিশেষ পরিষ্কার করার কাপড়টি। ভারতীয় মুদ্রায় যার দাম প্রায় ৯০০ টাকা। অর্থাৎ আগের দামের তুলনায় প্রায় ৫৩ শতাংশ কমেছে দাম।
২০২১ সালে প্রথম বাজারে আনা হয়েছিল অ্যাপলের পলিশিং ক্লথ। সে সময় ১৯ ডলার দাম নির্ধারণ করায় প্রযুক্তিপ্রেমীদের একাংশের মধ্যে বিস্ময় তৈরি হয়েছিল। কারণ, দেখতে এটি সাধারণ মাইক্রো সুয়েড কাপড়ের মতোই। তবে অ্যাপলের দাবি অনুযায়ী, ন্যানো টেক্সচার ডিসপ্লে-সহ সংস্থার বিভিন্ন ডিভাইস পরিষ্কার করার জন্য বিশেষ ভাবে তৈরি করা হয়েছে এই কাপড়।
দাম নিয়ে বিতর্ক হলেও বাজারে চাহিদা ছিল যথেষ্ট
উচ্চ দাম নিয়ে সমালোচনা হলেও পলিশিং ক্লথ বাজারে আসার পর চাহিদা একেবারে কম ছিল না। বরং নির্ধারিত সময়ের প্রায় তিন মাস আগেই প্রাথমিক স্টক বিক্রি হয়ে যায়। ২০২২ সালের জানুয়ারিতে ফের বাজারে আসে অ্যাপলের এই অ্যাক্সেসরিজ়। এরপর থেকে নিয়মিত বিক্রি হয়ে আসছে এটি।
এবার অবশ্য আগের তুলনায় অনেক কম দামে পলিশিং ক্লথ বিক্রি করছে সংস্থাটি। ১৯ ডলারের পরিবর্তে নতুন দাম রাখা হয়েছে ৯ ডলার। ফলে ক্রেতাদের জন্য অ্যাপলের এই অ্যাক্সেসরিজ় কেনার খরচ এক ধাক্কায় অনেকটাই কমেছে। অ্যাপল কার্ড ব্যবহার করে কেনাকাটা করলে ক্যাশব্যাক পাওয়ার সুযোগও রয়েছে।
১৪০টিরও বেশি অ্যাপল ডিভাইসে ব্যবহার করা যাবে
শুধু নতুন কোনও নির্দিষ্ট মডেলের জন্য নয়, অ্যাপলের বিস্তৃত ডিভাইসের সঙ্গে ব্যবহার করা যায় এই পলিশিং ক্লথ। সংস্থার তালিকা অনুযায়ী, ১৪০টিরও বেশি ভিন্ন অ্যাপল ডিভাইস পরিষ্কার করার কাজে এটি ব্যবহার করা সম্ভব।
এই তালিকায় নতুন প্রজন্মের ম্যাকবুকের পাশাপাশি পুরনো আইফোন ৫-এর মতো ডিভাইসও রয়েছে। অ্যাপল ওয়াচের প্রতিটি মডেলও এই তালিকার অন্তর্ভুক্ত। বিশেষ করে ন্যানো টেক্সচার ডিসপ্লে পরিষ্কার করার ক্ষেত্রে যাতে কোনও দাগ বা আঁচড় না পড়ে, সেই বিষয়টি মাথায় রেখেই কাপড়টি তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে।
একটি সাধারণ দেখতে কাপড়ের জন্য ১৯ ডলারের দাম রাখার কারণে যে অ্যাক্সেসরিজ়টি একসময় বিতর্কের কেন্দ্রে ছিল, এখন সেটিই প্রায় অর্ধেক দামে বাজারে আনছে অ্যাপল। ফলে সংস্থার এই মূল্যহ্রাস প্রযুক্তিপ্রেমীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি করতে পারে।







