Swiggy, Zomato, Blinkit, Ola, Uber কিংবা Urban Companyয়ের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করেন যাঁরা, তাঁদের জন্য বড় খবর। এবার গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের National Pension System বা NPS-এর আওতায় আনার উদ্যোগ নিয়েছে Pension Fund Regulatory and Development Authority বা PFRDA। ২০২৫ সালের ২৯ অক্টোবর জারি করা বিজ্ঞপ্তিতে NPS e Shramik Platform Service Partner Model চালু করার কথা জানায় নিয়ন্ত্রক সংস্থা। এর মাধ্যমে গিগ ওয়ার্কারদের অবসরকালীন সঞ্চয়ের আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে।
এই মডেলে ডিজিটাল প্ল্যাটফর্মগুলির সঙ্গে যুক্ত কর্মীরা নিজেদের সামর্থ্য অনুযায়ী NPS-এ টাকা জমাতে পারবেন। PFRDA-র নির্দেশ অনুযায়ী, এই ব্যবস্থায় কোনও নির্দিষ্ট ন্যূনতম বা সর্বোচ্চ অবদানসীমা বাধ্যতামূলক করা হয়নি। তবে প্ল্যাটফর্ম বা সংশ্লিষ্ট ব্যবস্থায় ৯৯ টাকার মতো ন্যূনতম অবদানের সীমা নির্ধারণ করা যেতে পারে।
কারা এই সুবিধা পাবেন
এই উদ্যোগের আওতায় মূলত সেই সমস্ত Platform Service Partner বা গিগ ওয়ার্কাররা থাকবেন, যাঁরা কোনও ডিজিটাল প্ল্যাটফর্ম বা অ্যাগ্রিগেটরের মাধ্যমে পরিষেবা দেন। PFRDA-র বিজ্ঞপ্তিতে Zomato, Swiggy, Blinkit, Ola, Uber এবং Urban Company-র মতো প্ল্যাটফর্মের উদাহরণ দেওয়া হয়েছে।
অর্থাৎ ফুড ডেলিভারি পার্টনার, কুইক কমার্স ডেলিভারি কর্মী, অ্যাপ নির্ভর ক্যাব বা বাইক চালক এবং বিভিন্ন হোম সার্ভিস পার্টনাররা এই ব্যবস্থার আওতায় আসতে পারেন।
কম টাকা দিয়ে শুরু করার সুযোগ
গিগ কর্মীদের আয় অনেক ক্ষেত্রেই নির্দিষ্ট মাসিক বেতনের মতো নয়। ফলে নিয়মিত বড় অঙ্কের টাকা অবসর সঞ্চয়ে রাখা তাঁদের পক্ষে কঠিন হতে পারে। এই বিষয়টি মাথায় রেখেই নমনীয় অবদানের ব্যবস্থা রাখা হয়েছে।
৯৯ টাকা দিয়ে শুরু করার কথা থাকলেও এখানে একটি বিষয় পরিষ্কার রাখা প্রয়োজন। PFRDA-র মূল মডেলে নির্দিষ্ট সর্বনিম্ন বা সর্বোচ্চ অবদানের সীমা নেই। প্ল্যাটফর্ম বা সংশ্লিষ্ট ব্যবস্থার মাধ্যমে ন্যূনতম অবদানের অঙ্ক নির্ধারিত হতে পারে।
নিজের ইচ্ছেমতো অবদান রাখার পাশাপাশি প্ল্যাটফর্ম এবং কর্মী দুজনেই যৌথভাবে টাকা দিতে পারেন। আবার শুধুমাত্র কর্মী বা শুধুমাত্র প্ল্যাটফর্মের তরফ থেকেও অবদান রাখার ব্যবস্থা থাকতে পারে।
চাকরি বা প্ল্যাটফর্ম বদলালেও থাকবে NPS অ্যাকাউন্ট
গিগ ওয়ার্কারদের ক্ষেত্রে প্ল্যাটফর্ম পরিবর্তন করা খুবই সাধারণ বিষয়। এই কারণে NPS অ্যাকাউন্টে portability বা বহনযোগ্যতার সুবিধা রাখা হয়েছে। অর্থাৎ কোনও কর্মী একটি প্ল্যাটফর্ম ছেড়ে অন্য প্ল্যাটফর্মে কাজ শুরু করলেও তাঁর NPS অ্যাকাউন্ট চালু রাখা সম্ভব হবে এবং নতুন অ্যাগ্রিগেটরের সঙ্গে সেটি যুক্ত করা যাবে।
NPS-এর সাধারণ কাঠামোতেও অ্যাকাউন্টটি কর্মসংস্থানের ধরন বা জায়গা পরিবর্তনের সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় না। PFRDA-র তথ্য অনুযায়ী NPS একটি portable pension account।
কীভাবে টাকা বিনিয়োগ হবে
NPS একটি defined contribution pension system। অর্থাৎ কর্মী যে টাকা জমাবেন, তা নির্দিষ্ট বিনিয়োগ ব্যবস্থার মাধ্যমে বাজারে বিনিয়োগ করা হবে এবং তার উপর ভিত্তি করে অবসরকালীন তহবিল তৈরি হবে।
NPS-এর অধীনে বিনিয়োগ বিভিন্ন asset class-এ করা যায়। এর মধ্যে equity, corporate bonds এবং government securities রয়েছে। ফলে বিনিয়োগের ধরন অনুযায়ী ঝুঁকি ও সম্ভাব্য রিটার্নও পরিবর্তিত হতে পারে।
অবসরের পর মিলবে এককালীন টাকা ও পেনশনের সুযোগ
NPS-এ জমা হওয়া অর্থ অবসরের সময় নিয়ম অনুযায়ী ব্যবহার করা যায়। সাধারণভাবে নির্দিষ্ট অংশ এককালীনভাবে তোলার এবং বাকি অংশ দিয়ে annuity কেনার মাধ্যমে নিয়মিত পেনশন পাওয়ার ব্যবস্থা রয়েছে। তবে শেষ পর্যন্ত কত টাকা এককালীন পাওয়া যাবে এবং মাসে কত পেনশন মিলবে, তা নির্ভর করবে মোট জমা, বিনিয়োগের রিটার্ন এবং কেনা annuity-র অঙ্কের উপর।
গিগ ওয়ার্কারদের জন্য এই উদ্যোগের গুরুত্ব এখানেই। স্থায়ী চাকরি বা নিয়োগকর্তার দেওয়া traditional pension সুবিধা না থাকলেও তাঁরা নিজের আয় থেকে ধীরে ধীরে অবসরকালীন তহবিল তৈরি করার সুযোগ পাবেন।
তবে ৯৯ টাকা বিনিয়োগ করলেই নির্দিষ্ট অঙ্কের পেনশন নিশ্চিত হবে এমন নয়। দীর্ঘমেয়াদে কত টাকা জমবে এবং অবসরের পর কত পেনশন পাওয়া যাবে, তা নির্ভর করবে কতদিন এবং কত পরিমাণ টাকা বিনিয়োগ করা হয়েছে, বিনিয়োগের রিটার্ন এবং পরবর্তী সময়ে annuity কেনার অঙ্কের উপর।






