অগাস্ট মাস শুরু হয়ে গেলেও এখনও অনেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা পৌঁছয়নি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই মাসের ৩,০০০ টাকা কবে মিলবে? এবার সেই জল্পনারই অবসান ঘটালেন রাজ্যের সমাজকল্যাণমন্ত্রী মালতী রাভা রায়।
বুধবার মার্চেন্টস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি অনুষ্ঠানে তিনি জানান, ১৫ অগাস্টের পর থেকেই যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তৃতীয় কিস্তির টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।
মন্ত্রী বলেন, প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা ইতিমধ্যেই উপভোক্তাদের অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। এবার তৃতীয় কিস্তির অর্থও ধাপে ধাপে যোগ্য আবেদনকারীদের কাছে পৌঁছে যাবে।
তবে এ মাসে টাকা পাঠাতে কিছুটা দেরি হওয়ার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। তাঁর বক্তব্য, ভেরিফিকেশন প্রক্রিয়ায় দেখা গিয়েছে, কিছু অযোগ্য ব্যক্তি প্রকল্পের সুবিধা পেয়ে যাচ্ছেন। সেই কারণেই সরকার ব্লকভিত্তিক কড়া যাচাই শুরু করেছে। এই যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করেই তৃতীয় কিস্তির টাকা ছাড়া হবে।
এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জানিয়েছিলেন, কিছুটা দেরি হলেও ৩০ অগাস্টের মধ্যে সমস্ত যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির অর্থ পৌঁছে যাবে।
ফলে যাঁদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি, তাঁদের আপাতত উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। সরকারের দাবি, যাচাই প্রক্রিয়া শেষ হওয়ার পর ১৫ অগাস্টের পর থেকে ধাপে ধাপে টাকা পাঠানো হবে এবং মাসের শেষের আগেই সমস্ত যোগ্য উপভোক্তা তাঁদের প্রাপ্য অর্থ পেয়ে যাবেন।





