দেশের বিভিন্ন অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এমস) এবং একাধিক সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। মোট ২,২১৮টি নার্সিং অফিসার (গ্রুপ বি) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ‘নার্সিং অফিসার রিক্রুটমেন্ট কমন এলিজিবিলিটি টেস্ট’ বা নরসেট-১১-এর মাধ্যমে এই নিয়োগ করা হবে।
যোগ্য প্রার্থীরা আগামী ১৩ অগস্ট বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে হবে এমসের সরকারি পরীক্ষার পোর্টালের মাধ্যমে। নির্বাচিত প্রার্থীদের সপ্তম বেতন কমিশনের পে-ম্যাট্রিক্স লেভেল-৭ অনুযায়ী বেতন দেওয়া হবে। এই স্কেলে পূর্বতন পে-ব্যান্ড ছিল ৯,৩০০ থেকে ৩৪,৮০০ টাকা এবং গ্রেড পে ৪,৬০০ টাকা।
আবেদনের জন্য প্রার্থীদের ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল (আইএনসি) বা সংশ্লিষ্ট রাজ্য নার্সিং কাউন্সিলের স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিএসসি নার্সিং (অনার্স) অথবা পোস্ট বেসিক বিএসসি নার্সিং ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি নার্স ও মিডওয়াইফ হিসেবে বৈধ রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক।
এ ছাড়াও জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (জিএনএম) ডিপ্লোমাধারীরাও আবেদন করতে পারবেন। তবে সেক্ষেত্রে আইএনসি বা রাজ্য নার্সিং কাউন্সিলে রেজিস্ট্রেশন থাকার পাশাপাশি রেজিস্ট্রেশন ও পরীক্ষার ফল প্রকাশের পর কমপক্ষে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে টানা দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। ১৩ অগস্ট ২০২৬ তারিখ অনুযায়ী এই বয়স গণনা করা হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৪ জুলাই থেকে এবং চলবে ১৩ অগস্ট বিকেল ৫টা পর্যন্ত। ৩ সেপ্টেম্বর পরীক্ষাকেন্দ্রের শহরের তথ্য প্রকাশ করা হবে। ৯ সেপ্টেম্বর অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্রিলিমিনারি পরীক্ষা। এরপর ৩০ সেপ্টেম্বর নেওয়া হবে মেনস পরীক্ষা।
আবেদন ফি হিসেবে সাধারণ ও ওবিসি শ্রেণির প্রার্থীদের ৩,০০০ টাকা জমা দিতে হবে। এসসি, এসটি এবং ইডব্লিউএস-সহ অন্যান্য সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য আবেদন ফি ২,৪০০ টাকা। বিশেষভাবে সক্ষম (PwBD) প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না।
স্বাস্থ্য পরিষেবায় সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া নার্সিং প্রার্থীদের জন্য এটি বছরের অন্যতম বড় নিয়োগ প্রক্রিয়া। তাই শেষ মুহূর্তের অপেক্ষা না করে নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।







