নকল নোটের কারবার এখন শুধু ৫০০ বা ২০০ টাকার মধ্যেই সীমাবদ্ধ নয়। কম মূল্যের ৫০ টাকার নোটও জাল করে বাজারে ছড়িয়ে দেওয়ার অভিযোগ মাঝেমধ্যেই সামনে আসে। অনেকেই এই ধরনের নোট ভালো করে পরীক্ষা না করেই ব্যবহার করেন। ফলে অজান্তেই হাতে চলে আসতে পারে জাল নোট। তাই ৫০ টাকার নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে সচেতন থাকা জরুরি।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) তাদের সরকারি ওয়েবসাইটে ৫০ টাকার আসল নোট চেনার কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা জানিয়েছে। এই নিরাপত্তা চিহ্নগুলি এমনভাবে তৈরি করা হয়েছে, যা নকল করা সহজ নয়।
প্রথমেই নজর দিন নোটের ওয়াটারমার্কে। নোটটি আলোর সামনে ধরলে নিচের বাঁদিকে ৫০ সংখ্যাটি দেখা যাবে। সাধারণ অবস্থায় এটি স্পষ্ট বোঝা যায় না।
এছাড়া আসল নোটে দেবনাগরী লিপিতে ‘৫০’ লেখা থাকে। নোটের সামনের অংশের মাঝখানে মহাত্মা গান্ধীর প্রতিকৃতি থাকে এবং ডানদিকে রিজার্ভ ব্যাঙ্কের গ্যারান্টি, গভর্নরের স্বাক্ষর ও RBI-এর লোগো দেখা যায়।
নোটের উপরের এবং নিচের অংশে সিরিয়াল নম্বর ছাপা থাকে। পাশাপাশি অশোক স্তম্ভের প্রতীকও থাকে, যা আসল নোটের অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়।
নোটের পিছনের দিকে হাম্পির ঐতিহাসিক স্থাপত্যের ছবি ছাপা থাকে। এটিও ৫০ টাকার আসল নোটের অন্যতম নিরাপত্তা বৈশিষ্ট্য।
বিশেষজ্ঞদের পরামর্শ, কোনও নোট নিয়ে সন্দেহ হলে সেটি গ্রহণ করার আগে এই বৈশিষ্ট্যগুলি একবার মিলিয়ে নেওয়া উচিত। সামান্য সতর্কতাই আপনাকে জাল নোটের প্রতারণা থেকে রক্ষা করতে পারে।






