কলকাতাসহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা?

On: Wednesday, July 22, 2026 3:53 PM
---Advertisement---

দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। কলকাতাসহ রাজ্যের দক্ষিণের সব জেলাতেই বুধবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে উত্তরবঙ্গে ধীরে ধীরে আবহাওয়ার উন্নতির ইঙ্গিত মিলেছে।

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের সব জেলার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

আবহাওয়াবিদদের পূর্বাভাস, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির এই পরিস্থিতির বিশেষ পরিবর্তন হবে না। তবে শনিবার থেকে কলকাতাসহ কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে।

উত্তরবঙ্গের ছবিটা তুলনামূলকভাবে আলাদা। বুধবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারও প্রায় একই ধরনের আবহাওয়া বজায় থাকবে। শুক্রবার থেকে উত্তরবঙ্গের কোনও জেলাতেই আপাতত ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই বলে পূর্বাভাস।

কলকাতার ক্ষেত্রেও বুধবার সারাদিন আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। শহরের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৯ ডিগ্রি কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি। আগামী কয়েক দিন আর্দ্রতা এবং বিক্ষিপ্ত বৃষ্টির জেরে ভ্যাপসা গরমের অনুভূতি বজায় থাকতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now