ডিজিটাল টিকিটের অপব্যবহার রুখতে নিয়ম আরও কড়া করল ভারতীয় রেল। এবার থেকে মোবাইলে বুক করা আনরিজার্ভড টিকিটের ক্ষেত্রে শুধুমাত্র অ্যাপে থাকা আসল ডিজিটাল টিকিটই বৈধ বলে গণ্য হবে। স্ক্রিনশট, ছবি, পিডিএফ বা হোয়াটসঅ্যাপে পাঠানো টিকিটের কপি দেখিয়ে আর ভ্রমণ করা যাবে না।
রেলের নির্দেশিকা অনুযায়ী, যে মোবাইল নম্বর এবং ডিভাইস ব্যবহার করে টিকিট বুক করা হয়েছে, সেই একই মোবাইলে টিকিট থাকতে হবে। টিকিট পরীক্ষার সময় অ্যাপ থেকেই তা দেখাতে হবে। অন্য কোনও ডিভাইসে পাঠানো কপি গ্রহণযোগ্য হবে না।
সম্প্রতি এই নিয়ম না জানার খেসারত দিতে হয়েছে এক মহিলা যাত্রীকে। কোরবা-ভিশাখাপত্তনম লিঙ্ক এক্সপ্রেসে সফরের সময় তিনি নিজের মোবাইলে টিকিট দেখাতে পারেননি। পরিবর্তে ভাইয়ের মোবাইল থেকে পাঠানো হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দেখান। টিকিট পরীক্ষার সময় দেখা যায়, ট্রেন ছাড়ার পর টিকিট বুক করা হয়েছে এবং সেটি যাত্রীর নিজের রেজিস্টার্ড মোবাইলেও ছিল না। এরপর নিয়ম মেনে তাঁর কাছ থেকে জরিমানা আদায় করা হয়।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, টিটিই প্রয়োজনে Rail One অ্যাপে থাকা আসল ডিজিটাল টিকিট যাচাই করবেন। তাই যে মোবাইলে টিকিট বুক করা হয়েছে, সেটি যাত্রার সময় অবশ্যই সঙ্গে রাখতে হবে। একই সঙ্গে ফোনে পর্যাপ্ত চার্জ রাখারও পরামর্শ দেওয়া হয়েছে, যাতে টিকিট দেখাতে কোনও সমস্যা না হয়।
রেলের আরও নির্দেশ, যাত্রা শুরুর আগে স্টেশনের নাম, যাত্রার তারিখ এবং অন্যান্য তথ্য সঠিক রয়েছে কি না, তা যাচাই করে নেওয়া উচিত। ভুল তথ্য থাকলে টিকিট পরীক্ষার সময় জটিলতা তৈরি হতে পারে। তবে এই নিয়ম রিজার্ভেশন টিকিটের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ সেখানে পরিচয়পত্রের মাধ্যমে যাত্রীর পরিচয় মিলিয়ে দেখা হয়।
দৈনিক ভাস্করের প্রতিবেদন অনুযায়ী, রায়পুর ডিভিশনের সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার অবধেশ কুমার ত্রিবেদী জানিয়েছেন, Rail One অ্যাপ থেকে বুক করা আনরিজার্ভড টিকিট অবশ্যই বুকিং করা মোবাইলেই থাকতে হবে। তিনি আরও জানান, অন্য মোবাইলে পাঠানো স্ক্রিনশট, ছবি বা পিডিএফ কোনও অবস্থাতেই বৈধ নয়। পাশাপাশি ট্রেন স্টেশন ছাড়ার আগে টিকিট বুক করাও বাধ্যতামূলক। ট্রেন ছেড়ে যাওয়ার পর বুক করা ডিজিটাল টিকিট গ্রহণযোগ্য হবে না।
রেলের দাবি, এই নতুন নিয়ম কার্যকর হলে ডিজিটাল টিকিটের অপব্যবহার কমবে এবং টিকিট যাচাইয়ের প্রক্রিয়াও আরও স্বচ্ছ ও নিরাপদ হবে।






