কেন্দ্রীয় সরকারি গবেষণা প্রতিষ্ঠানে চাকরি খুঁজছেন? মাধ্যমিক পাশ এবং আইটিআই শংসাপত্র থাকলে মিলতে পারে সেই সুযোগ। দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (সিএমইআরআই) টেকনিশিয়ান পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর)-এর অধীন এই প্রতিষ্ঠানে মোট ২৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, মেশিনিস্ট, ফাউন্ড্রিম্যান, মেকানিক-সহ মোট সাতটি ট্রেডে টেকনিশিয়ান নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের প্রথমে এক বছরের জন্য প্রোবেশনে রাখা হবে। প্রয়োজন হলে সেই সময়সীমা আরও বাড়ানো হতে পারে।
আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির আবেদনকারীরা বয়সে নির্দিষ্ট ছাড় পাবেন। যোগ্যতা হিসেবে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই শংসাপত্র থাকা বাধ্যতামূলক।
নির্বাচিত প্রার্থীরা মাসিক প্রায় ৩৯ হাজার টাকা বেতন পাবেন। নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা এবং ট্রেড টেস্ট— এই দুই ধাপের ভিত্তিতে যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে।
আগ্রহীরা সিএমইআরআই-এর সরকারি ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিও আপলোড করতে হবে। আবেদন গ্রহণের শেষ দিন ৩ অগস্ট। শূন্যপদ, যোগ্যতা, সংরক্ষণ, আবেদনপদ্ধতি এবং অন্যান্য শর্ত সম্পর্কে বিস্তারিত জানতে প্রার্থীদের মূল নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।







