উচ্চশিক্ষিত চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (IACS) নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানের স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্সেস বিভাগে ল্যাবরেটরি ডেমনস্ট্রেটর পদে একজনকে নিয়োগ করা হবে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথমে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। তবে কর্মদক্ষতা সন্তোষজনক হলে চুক্তির মেয়াদ পরবর্তীতে বাড়ানো হতে পারে। নির্বাচিত প্রার্থীকে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী মাসিক বেতন দেওয়া হবে।
এই পদে আবেদন করার জন্য কোনও নির্দিষ্ট বয়সসীমা উল্লেখ করা হয়নি। তবে আবেদনকারীর জীববিদ্যায় পিএইচডি ডিগ্রি থাকা বাধ্যতামূলক। পাশাপাশি শিক্ষকতা বা গবেষণাগারে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
নিয়োগের ক্ষেত্রে প্রথমে আবেদনপত্র ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বাছাই করা হবে। এরপর নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত নির্বাচন করা হবে।
আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত ই-মেল আইডিতে জীবনপঞ্জি এবং প্রয়োজনীয় নথি পাঠিয়ে আবেদন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৩ জুলাই। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে আইএসিএসের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।







