ক্ষুদ্র ব্যবসাকে আরও শক্তিশালী করতে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী স্বনিধি ঋণ যোজনা (PM SVANidhi)-র প্রচার জোরদার করা হচ্ছে। বহরমপুর পুরসভায় জুন মাসজুড়ে আয়োজিত জনকল্যাণ মেলা ও পিএম স্বনিধি মহোৎসবের শেষ দিনে এই প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্র। তাঁর দাবি, রাস্তার হকার ও ছোট ব্যবসায়ীদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতেই এই প্রকল্প চালু করা হয়েছে।
পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই কর্মসূচির উদ্দেশ্য শুধু নতুন আবেদনকারীদের ঋণ দেওয়াই নয়, যাঁরা ইতিমধ্যেই এই প্রকল্পের সুবিধা পেয়েছেন, তাঁদেরও এক ছাতার নিচে এনে সচেতন করা। একই সঙ্গে নতুন ব্যবসায়ীদেরও এই প্রকল্পে যুক্ত হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে।
ঋণের কাঠামোও ধাপে ধাপে সাজানো হয়েছে। সুব্রত মৈত্র জানান, প্রথম পর্যায়ে ১৫ হাজার টাকা ঋণ দেওয়া হবে। এক বছরের মধ্যে ১৫,৬০০ টাকা পরিশোধ করলে দ্বিতীয় ধাপে ২৫ হাজার টাকা ঋণ মিলবে। এরপর দেড় বছরের মধ্যে সেই ঋণ শোধ করলে তৃতীয় পর্যায়ে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। শেষ কিস্তির ঋণ পরিশোধের জন্য তিন বছরের সময় দেওয়া হবে।
বহরমপুর পুরসভার দাবি, এই প্রকল্পে ইতিমধ্যেই হাজার হাজার আবেদন জমা পড়েছে। বহু আবেদনকারী ঋণও পেয়েছেন এবং ব্যবসা সম্প্রসারণে সেই অর্থ ব্যবহার করছেন।
কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, সে বিষয়েও স্পষ্ট করেছেন বিধায়ক। তাঁর কথায়, ‘‘বহরমপুর এলাকার যে সমস্ত হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা আছে, তাঁরাই এই ঋণের জন্য আবেদন করতে পারবেন।’’ তিনি আরও জানান, এই ঋণ পাওয়ার জন্য ট্রেড লাইসেন্স থাকা বাধ্যতামূলক নয়। ফলে অনেক ছোট ব্যবসায়ীও সহজেই এই প্রকল্পের আওতায় আসতে পারবেন।






