কৃত্রিম মেধার বাজারে প্রতিযোগিতা এখন আগের যে কোনও সময়ের তুলনায় বেশি তীব্র। বিশেষ করে অ্যানথ্রোপিকের দ্রুত উত্থান প্রযুক্তি দুনিয়ায় নতুন সমীকরণ তৈরি করেছে। এই পরিস্থিতিতে নিজেদের ব্যবহারকারী ধরে রাখা এবং নতুন গ্রাহক আকর্ষণের জন্য চ্যাটজিপিটির সাবস্ক্রিপশন মডেলে পরিবর্তনের কথা ভাবছে ওপেনএআই। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ওপেনএআইয়ের পরিচালন পর্ষদ ইতিমধ্যেই সাবস্ক্রিপশন সংক্রান্ত কিছু প্রাথমিক আলোচনা করেছে। সেখানে টোকেনের মূল্য এবং পরিষেবার খরচ কমানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে বলে জানা গিয়েছে। যদিও সংস্থার তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
এআই পরিষেবার ক্ষেত্রে ‘টোকেন’ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ব্যবহারকারীর প্রশ্ন, নির্দেশ বা তৈরি হওয়া কনটেন্টের পরিমাণ নির্ধারণে এই একক ব্যবহৃত হয়। কোনও ব্যবহারকারী কতটা এআই পরিষেবা ব্যবহার করছেন, তা মূলত টোকেনের মাধ্যমেই হিসাব করা হয়। সেই হিসাবের উপর ভিত্তি করেই বিভিন্ন প্রিমিয়াম সাবস্ক্রিপশন প্ল্যানের মূল্য নির্ধারণ করে প্রযুক্তি সংস্থাগুলি।
বর্তমানে অধিকাংশ এআই প্ল্যাটফর্মের মতো ওপেনএআইও ব্যবহারকারীদের একটি নির্দিষ্ট পরিমাণ বিনামূল্যের টোকেন দেয়। সেই সীমা অতিক্রম করলে অতিরিক্ত সুবিধা পেতে অর্থ খরচ করে সাবস্ক্রিপশন নিতে হয়। তবে ব্যবহারকারী চাইলে নির্দিষ্ট সময় পরে টোকেন রিসেট হওয়ার অপেক্ষাও করতে পারেন।
এখন ওপেনএআইয়ের অধীনে চার ধরনের সাবস্ক্রিপশন পরিষেবা রয়েছে— ফ্রি, গো, প্লাস এবং প্রো। এর মধ্যে ‘গো’ প্ল্যানটি সবচেয়ে সাশ্রয়ী। ভারতে এই প্ল্যানের মাসিক খরচ শুরু হয় ৩৯৯ টাকা থেকে। উল্লেখযোগ্যভাবে, ২০২৫ সালে ভারতীয় ব্যবহারকারীদের জন্য সীমিত সময়ের একটি বিশেষ বিনামূল্যের অফারও চালু করেছিল সংস্থাটি।
অন্যদিকে গবেষক, ডেভেলপার এবং পেশাদার ব্যবহারকারীদের জন্য আরও ব্যয়বহুল প্ল্যান রয়েছে। সেগুলির মাসিক খরচ ১০ হাজার টাকারও বেশি হতে পারে। বাজার বিশেষজ্ঞদের মতে, এই উচ্চমূল্যের পরিষেবাগুলিতে বড়সড় মূল্যছাড়ের সম্ভাবনা কম। বরং সাধারণ ব্যবহারকারীদের লক্ষ্য করেই খরচ কমানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে এআই শিল্পে ওপেনএআই দীর্ঘদিন ধরেই অন্যতম প্রভাবশালী নাম। চ্যাটজিপিটির জনপ্রিয়তা বিশ্বজুড়ে কৃত্রিম মেধা প্রযুক্তিকে সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে অ্যানথ্রোপিকের মতো প্রতিদ্বন্দ্বী সংস্থার দ্রুত বৃদ্ধি বাজারে নতুন চাপ তৈরি করেছে।
প্রযুক্তি বিশ্লেষকদের একাংশের মতে, আগামী কয়েক মাসের মধ্যেই এআই সংস্থাগুলির মধ্যে মূল্যযুদ্ধ আরও তীব্র হতে পারে। আর যদি সত্যিই ওপেনএআই সাবস্ক্রিপশনের খরচ কমানোর পথে হাঁটে, তাহলে তার প্রভাব শুধু চ্যাটজিপিটির ব্যবহারকারীদের উপরই নয়, গোটা এআই শিল্পের ব্যবসায়িক মডেলের উপরও পড়তে পারে।







