রাজনীতির মঞ্চে তাঁর সরব উপস্থিতি নতুন নয়। তবে এবার অন্য কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন বিজেপি নেতা তথা রাজ্যের পঞ্চায়েত ও প্রাণিসম্পদ উন্নয়নমন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। নিউটাউনের ইকোপার্ক সংলগ্ন রাস্তায় বিলাসবহুল একটি সুপারবাইক চালাতে দেখা গেল তাঁকে। সেই দৃশ্যের ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর চর্চা।
বৃহস্পতিবার সকালে তুলনামূলক ফাঁকা রাস্তায় কালো রঙের একটি হাই-সিসি সুপারবাইকে চড়ে দেখা যায় দিলীপ ঘোষকে। তাঁর পিছনের আসনে বসেছিলেন এক নিরাপত্তারক্ষী। সাদা টি-শার্ট, শর্টস এবং সাদা জুতো পরে স্বচ্ছন্দ ভঙ্গিতে বাইক চালানোর সেই মুহূর্ত ক্যামেরাবন্দি হতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনদের নজর কেড়েছে বাইকটি। অনলাইনে বহু মানুষ এর মডেল এবং মূল্য নিয়ে আলোচনা শুরু করেছেন। বিভিন্ন মহলের দাবি, বাইকটির বাজারদর প্রায় ৫৩ লক্ষ টাকা। শক্তিশালী ইঞ্জিন, দীর্ঘ দূরত্বের আরামদায়ক যাত্রা এবং প্রিমিয়াম বৈশিষ্ট্যের জন্য এই ধরনের সুপারবাইক বিশেষভাবে পরিচিত।
নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে দিলীপ বলেন, “আজ হোন্ডা বিগ উইং সুপারবাইক চালালাম। এটা ১৮০০ সিসির ৬ সিলিন্ডারের হাইস্পিড বাইক। অত্যন্ত স্বাচ্ছন্দ্য এবং দুর্দান্ত গতির অভিজ্ঞতা দেয় এই সুপার বাইক। পিছনের সিটটাও খুব আরামদায়ক, প্রায় সোফার মতো।”
তবে ভিডিও ঘিরে শুধু প্রশংসাই হয়নি। সামাজিক মাধ্যমে একাংশের প্রশ্ন, বাইক চালানোর সময় হেলমেট ছিল না কেন? যদিও ভিডিও থেকে মনে করা হচ্ছে, এটি পূর্ণাঙ্গ যাত্রা নয়, বরং স্বল্প দূরত্বের একটি ট্রায়াল রাইড ছিল।
ঘটনাস্থলে উপস্থিত বহু মানুষ মন্ত্রীকে ঘিরে ভিড় করেন। কেউ মোবাইলে ভিডিও তোলেন, কেউ আবার সুযোগ বুঝে সেলফিও তুলে নেন। রাজনৈতিক পরিচয়ের বাইরেও দিলীপ ঘোষের এই বাইকপ্রেম তাই মুহূর্তের মধ্যেই আলোচনার বিষয় হয়ে উঠেছে।








