দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটি খড়গপুর (Indian Institute of Technology Kharagpur)-এ গবেষণার কাজে যুক্ত হওয়ার সুযোগ মিলছে। জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) পদে নিয়োগের জন্য আবেদনপত্র আহ্বান করেছে প্রতিষ্ঠান। ইতিমধ্যেই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে একটি গবেষণা প্রকল্পে এই নিয়োগ করা হবে। শূন্যপদ রয়েছে একটি। প্রকল্পটির অর্থায়ন করছে কেন্দ্রীয় সরকারের ‘অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন’।
নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। গবেষণার ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি জাতীয় স্তরের একটি প্রকল্পে কাজ করার সুযোগও মিলবে।
আবেদনের জন্য প্রার্থীদের স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে বিজ্ঞানের যে কোনও শাখায় স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NET) উত্তীর্ণ হওয়া আবশ্যিক। বয়সসীমা রাখা হয়েছে ২৮ বছর। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে পাঁচ বছরের ছাড় পাবেন।
প্রার্থীদের অনলাইনেই আবেদন করতে হবে। আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে গিয়ে ‘Jobs’ বিভাগ থেকে ‘Temporary Positions’ অপশনে প্রবেশ করলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি পাওয়া যাবে। সেখানেই আবেদনপত্র জমা দেওয়ার ব্যবস্থা রয়েছে।
আবেদনের শেষ দিন ১৯ জুন। যোগ্যতা, নির্বাচন পদ্ধতি এবং অন্যান্য শর্তাবলি সম্পর্কে বিস্তারিত জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের প্রকাশিত অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।





