রাস্তা নোংরা করা, যেখানে সেখানে থুতু ফেলা বা আবর্জনা ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে রাজ্য সরকার। আগামী ৩০ মে থেকে চালু হচ্ছে ‘স্বচ্ছ অ্যাপ’। প্রথম পর্যায়ে ১০টি পুরসভায় পরীক্ষামূলক ভাবে শুরু হবে এই প্রকল্প। এরপর ধাপে ধাপে তা গোটা রাজ্যে চালুর পরিকল্পনা রয়েছে।
শুক্রবার এই ঘোষণা করেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তাঁর বক্তব্য, “যে সব পুরসভায় প্রশাসক বসানো হয়েছে, সেখানে প্রথমে এই অ্যাপ চালু করা হবে। রাস্তাঘাট পরিষ্কার রাখা নিয়ে মানুষকে সচেতন করাই এখন মূল লক্ষ্য।”
রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী তিন মাস সচেতনতার উপরই জোর দেওয়া হবে। তবে সেপ্টেম্বর মাস থেকে কার্যকর হবে ‘ওয়েস্ট ফাইন’। অর্থাৎ প্রকাশ্যে আবর্জনা ফেললে, থুতু ছিটালে বা পানের পিক ফেললে জরিমানা করা হবে। এমনকি প্রকাশ্যে প্রস্রাব করলেও শাস্তির মুখে পড়তে হতে পারে।
মন্ত্রী জানিয়েছেন, শহর ও পুর এলাকায় প্রতি ১০০ মিটার অন্তর ডাস্টবিন বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি গণপরিবহণেও থাকছে নতুন নিয়ম। প্রত্যেক বাসে রাখা হবে বিশেষ ‘ওয়েস্ট ব্যাগ’, যাতে যাত্রীরা নিজেদের আবর্জনা ফেলতে পারেন।
নতুন ‘স্বচ্ছ অ্যাপ’-এর মাধ্যমে নাগরিকেরা এলাকার পরিচ্ছন্নতা সংক্রান্ত অভিযোগও জানাতে পারবেন। কোথাও রাস্তায় আবর্জনা পড়ে থাকলে তার ছবি তুলে সরাসরি অ্যাপে আপলোড করা যাবে। পাশাপাশি পৌর এলাকার নিয়মকানুন সম্পর্কেও তথ্য মিলবে ওই অ্যাপে।
এ দিন অন্নপূর্ণা যোজনা নিয়েও আপডেট দেন অগ্নিমিত্রা পাল। তিনি জানান, প্রকল্পের আবেদনপত্র শুধু অনলাইনেই নয়, অফলাইনেও পাওয়া যাবে। বিডিও অফিস, ডিএম অফিস, পুরসভা এবং ওয়ার্ড অফিস থেকে ফর্ম সংগ্রহ করা যাবে। প্রয়োজনে পুরকর্মীরাই বাড়ি বাড়ি গিয়ে আবেদনপত্র পৌঁছে দেবেন বলেও জানান তিনি।
মন্ত্রী আবেদনকারীদের উদ্দেশে বলেন, সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করেই ফর্ম জমা দিতে হবে। কাছাকাছি সরকারি অফিসে জমা নেওয়ার ব্যবস্থাও রাখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।





