গবেষণার কাজে যুক্ত হওয়ার সুযোগ দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চুক্তিভিত্তিক এই নিয়োগে নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ৩১ হাজার টাকা সাম্মানিক দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক ভাবে এক বছরের জন্য নিয়োগ করা হবে। তবে কাজের প্রয়োজন এবং পারফরম্যান্সের ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।
আবেদনের জন্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ডিস্ট্রিবিউটেড অ্যান্ড মোবাইল কম্পিউটিং, ডেটা সায়েন্স, আর্থ সায়েন্স বা জিয়োসায়েন্সেস বিষয়ে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং, মাস্টার অফ টেকনোলজি কিংবা সমমানের স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আবেদনকারীর বয়স ৩০ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক।
এই নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা হবে না। ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। আগামী ১১ জুন সকাল সাড়ে ১১টা থেকে ইন্টারভিউ শুরু হবে। তবে আগ্রহীদের সকাল ১১টার মধ্যেই আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি নিয়ে উপস্থিত থাকতে হবে।
আবেদনপত্র, প্রয়োজনীয় নথির তালিকা এবং নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। বিশ্ববিদ্যালয়ের হোমপেজে প্রকাশিত সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি থেকেই আবেদনপত্র ডাউনলোড করা যাবে। আবেদনমূল্য ধার্য করা হয়েছে ৫০ টাকা।





