সরকারি হাসপাতালে কাজের সুযোগ খুঁজছেন চিকিৎসকরা? তাঁদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল R.G. Kar Medical College and Hospital। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, সিনিয়র রেসিডেন্ট পদে কর্মী নিয়োগ করা হবে ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ছ’টি বিভাগে নিয়োগ হবে। অ্যানেস্থেশিয়োলজি, মাইক্রোবায়োলজি, পেডিয়াট্রিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, অপথ্যালমোলজি এবং জেনারেল সার্জারি বিভাগে কাজ করতে হবে নির্বাচিত প্রার্থীদের। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা সাত।
প্রাথমিকভাবে ছ’মাসের জন্য নিয়োগ করা হলেও, কাজের প্রয়োজন অনুযায়ী সেই মেয়াদ বাড়ানো হতে পারে। আবেদন করতে হলে প্রার্থীদের ডক্টর অফ মেডিসিন (MD) অথবা মাস্টার অফ সার্জারি (MS) ডিগ্রি থাকতে হবে। বয়সসীমা রাখা হয়েছে সর্বোচ্চ ৪৫ বছর।
নিয়োগ হবে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে। আগামী ৫ জুন দুপুর ১টা থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। ওই দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি নিয়ে নির্দিষ্ট ঠিকানায় হাজির হতে হবে প্রার্থীদের।
বিস্তারিত তথ্য, প্রয়োজনীয় নথির তালিকা এবং অন্যান্য শর্ত জানতে রাজ্য স্বাস্থ্য দফতরের অফিসিয়াল ওয়েবসাইট (https://www.wbhealth.gov.in)-এ নজর রাখতে বলা হয়েছে। হোমপেজ থেকেই সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখা যাবে।





