২০২৭-এর UPSC ক্যালেন্ডার প্রকাশ, সিভিল সার্ভিস থেকে এনডিএ, কোন পরীক্ষা কবে? 

On: Friday, May 22, 2026 7:54 PM
---Advertisement---

কেন্দ্রীয় সরকারি চাকরির স্বপ্ন দেখছেন যাঁরা, তাঁদের জন্য বড় আপডেট। ২০২৭ সালের বিভিন্ন নিয়োগ পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল Union Public Service Commission। সিভিল সার্ভিস, এনডিএ, সিডিএস, ইঞ্জিনিয়ারিং সার্ভিস, কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিস-সহ একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়েছে আগেভাগেই। ফলে চাকরিপ্রার্থীরা এখন থেকেই নিজেদের প্রস্তুতির রূপরেখা আরও স্পষ্টভাবে সাজিয়ে নিতে পারবেন।

সবচেয়ে বেশি নজর থাকে সিভিল সার্ভিস পরীক্ষার দিকেই। ইউপিএসসি-র প্রকাশিত সূচি অনুযায়ী, ২০২৭ সালের সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৩ মে। ওই পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ১৩ জানুয়ারি। আবেদন জমা দেওয়ার শেষ দিন ২ ফেব্রুয়ারি। প্রিলিমিনারি পরীক্ষায় সফল প্রার্থীদের জন্য মূল পরীক্ষা শুরু হবে ২০ অগস্ট থেকে।

প্রতিরক্ষা ক্ষেত্রে চাকরির প্রস্তুতি নেওয়া পরীক্ষার্থীদের জন্যও গুরুত্বপূর্ণ দিন ঘোষণা করা হয়েছে। এনডিএ এবং সিডিএস-এর প্রথম পর্যায়ের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ২০২৬ সালের ২ ডিসেম্বর। লিখিত পরীক্ষা হবে ২০২৭ সালের ১১ এপ্রিল। দ্বিতীয় পর্যায়ের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের দিন ১২ মে, আর পরীক্ষা হবে ১৯ সেপ্টেম্বর।

ইঞ্জিনিয়ারিং সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নেওয়া প্রার্থীদের জন্য সময় কিন্তু খুব বেশি নেই। কারণ ২০২৭ সালের শুরুতেই প্রিলিমিনারি পরীক্ষা। বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ২০২৬ সালের ১৬ সেপ্টেম্বর এবং আবেদন গ্রহণ চলবে ৬ অক্টোবর পর্যন্ত। পরীক্ষা নেওয়া হবে ৩১ জানুয়ারি।

অন্য দিকে, বন দফতরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগের জন্য ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস মেন পরীক্ষা শুরু হবে ২১ নভেম্বর, ২০২৭ থেকে। এই পরীক্ষা একাধিক ধাপে অনুষ্ঠিত হওয়ায় নির্ধারিত সূচি অনুযায়ী পরবর্তী সাত দিন ধরে পরীক্ষা চলবে।

চিকিৎসা ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি চাকরিতে আগ্রহীদের জন্য কম্বাইন্ড মেডিক্যাল সার্ভিস পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ৩ মার্চ, ২০২৭ এবং পরীক্ষা নেওয়া হবে ১৮ জুলাই।

ইউপিএসসি-র প্রকাশিত ক্যালেন্ডার দেখে স্পষ্ট, এক পরীক্ষার সঙ্গে অন্য পরীক্ষার ব্যবধান খুব বেশি থাকছে না। ফলে যাঁরা একাধিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের সময় ভাগ করে পড়াশোনার পরিকল্পনা করতে হবে আরও হিসাব কষে। বিশেষ করে প্রিলিমিনারি এবং মেন পরীক্ষার প্রস্তুতি একসঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার উপরেই জোর দিচ্ছেন অনেক শিক্ষাবিদ ও প্রশিক্ষক।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now