জ্বালানি সাশ্রয় এবং পরিবেশবান্ধব প্রশাসনিক ব্যবস্থার দিকে আরও জোর দিতে এবার একগুচ্ছ নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। সরকারি দফতরের কাজকর্মে খরচ কমানো থেকে শুরু করে পেট্রোল-ডিজেলের ব্যবহার হ্রাস— একাধিক বিষয়ে বিস্তারিত পরিকল্পনা নেওয়ার কথা বলা হয়েছে নবান্নের তরফে।
সূত্রের খবর, মুখ্যসচিব Manoj Kumar Agarwal রাজ্যের সমস্ত দফতরের সচিব এবং জেলা প্রশাসনকে এই বিষয়ে দ্রুত পরিকল্পনা তৈরি করতে বলেছেন। শুধু তা-ই নয়, স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘমেয়াদি রূপরেখা তৈরি করে লিখিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
নবান্নের তরফে জারি হওয়া নির্দেশিকায় সরকারি কাজের ক্ষেত্রে ভিডিও কনফারেন্স এবং ভার্চুয়াল বৈঠকের সংখ্যা বাড়ানোর কথা বলা হয়েছে। প্রয়োজন ছাড়া সরকারি সফর কমাতেও জোর দেওয়া হয়েছে। একই সঙ্গে সরকারি কর্মীদের গণপরিবহন, কারপুলিং এবং ইলেকট্রিক গাড়ি ব্যবহারে উৎসাহিত করার নির্দেশ রয়েছে।
শুধু পরিবহণ নয়, সরকারি অফিসে বিদ্যুৎ সাশ্রয় এবং শক্তির সঠিক ব্যবহারের দিকেও নজর দিতে বলা হয়েছে। কাগজের ব্যবহার কমিয়ে ই-অফিস এবং ডিজিটাল পরিষেবা বাড়ানোর বার্তাও দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি, দেশীয় পণ্য ব্যবহারে গুরুত্ব দেওয়া, বর্জ্য কমানো, রিসাইক্লিং এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের উপরেও জোর দেওয়া হয়েছে।
পরিবেশবান্ধব জীবনযাত্রা গড়ে তুলতে সচেতনতা বৃদ্ধির কথাও উল্লেখ রয়েছে নির্দেশিকায়। প্রশাসনের একাংশের মতে, ভবিষ্যতে সরকারি কাজের ধরনে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এই পদক্ষেপ।
উল্লেখ্য, সম্প্রতি নরেন্দ্র মোদী (Narendra Modi) হায়দরাবাদের একটি অনুষ্ঠানে সাধারণ মানুষকে পেট্রোল ও ডিজেলের ব্যবহার কমানোর পরামর্শ দেন। তিনি গণপরিবহন ব্যবহারের উপর জোর দেওয়ার পাশাপাশি কোভিড পর্বের মতো ভার্চুয়াল মিটিং এবং ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতি ফের চালুর কথাও বলেন। তার পরেই রাজ্য প্রশাসনের এই নতুন উদ্যোগ ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে আলোচনা।





