গবেষণার কাজে যুক্ত হতে চান? সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করা প্রার্থীদের জন্য নতুন সুযোগ নিয়ে এল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের অ্যান্থ্রোপলজি বিভাগের তরফে গবেষণা প্রকল্পে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
জানা গিয়েছে, ‘ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স রিসার্চ’-এর আর্থিক সহায়তায় পরিচালিত একটি প্রকল্পে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট এবং ফিল্ড ইনভেস্টিগেটর পদে নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট প্রকল্পে গবেষণার কাজেই নিযুক্ত হতে হবে নির্বাচিত প্রার্থীদের।
রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদে নির্বাচিত প্রার্থী প্রতি মাসে ৩৭ হাজার টাকা সাম্মানিক পাবেন। অন্যদিকে, ফিল্ড ইনভেস্টিগেটর পদে মাসিক সাম্মানিক ২০ হাজার টাকা। আবেদনকারীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সমাজবিজ্ঞানের যে কোনও বিষয়ে অন্তত ৫৫ শতাংশ নম্বর-সহ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কিছু নির্দিষ্ট যোগ্যতার উল্লেখ রয়েছে মূল বিজ্ঞপ্তিতে।
কী ভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীদের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। হোমপেজে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তির লিঙ্ক পাওয়া যাবে। সেখানে দেওয়া নির্দেশিকা মেনে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়া যাবে। আগামী ২৫ মে পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, যোগ্যতা এবং অন্যান্য শর্ত জানতে মূল বিজ্ঞপ্তিটি ভালো করে দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।





