পেট্রোলের দাম বাড়তেই পথে ক্ষোভ, আজ দেশজুড়ে কাজ বন্ধ রাখছেন ওলা-উবার-সুইগির কর্মীরা

On: Saturday, May 16, 2026 12:52 PM
---Advertisement---

জ্বালানির দাম বৃদ্ধি ঘিরে ক্ষোভ এবার রাস্তায় নামাল গিগ কর্মীদের। পেট্রোল ও ডিজেলের দাম লিটার প্রতি ৩ টাকা বাড়ানোর প্রতিবাদে শুক্রবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন অ্যাপভিত্তিক পরিষেবার সঙ্গে যুক্ত চালক ও ডেলিভারি পার্টনাররা। Ola, Uber, Swiggy, Zomato-সহ বিভিন্ন প্ল্যাটফর্মের কর্মীরা দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কাজ বন্ধ রাখার আবেদন জানিয়েছেন।

গিগ কর্মীদের সংগঠন Gig and Platform Service Workers Union-এর দাবি, জ্বালানির মূল্যবৃদ্ধির ফলে আয় এবং খরচের মধ্যে ভারসাম্য রাখা ক্রমশ কঠিন হয়ে উঠছে। তাঁদের বক্তব্য, প্রতিদিন দীর্ঘ পথ পাড়ি দিয়ে কাজ করতে হলেও সেই অনুপাতে পারিশ্রমিক বাড়ানো হচ্ছে না।

সংগঠনের দাবি, দেশের প্রায় ১ কোটি ২০ লক্ষ গিগ কর্মী এই মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাবের মুখে পড়বেন। বিশেষ করে ক্যাব চালক এবং খাবার ডেলিভারি কর্মীদের ক্ষেত্রে জ্বালানির অতিরিক্ত খরচ বড় চাপ তৈরি করছে।

ইউনিয়নের পক্ষ থেকে প্রতি কিলোমিটারে ন্যূনতম ২০ টাকা সার্ভিস চার্জ বাড়ানোর দাবি জানানো হয়েছে। তাঁদের বক্তব্য, খরচ বাড়লেও আয় একই জায়গায় আটকে থাকলে বহু কর্মী ভবিষ্যতে এই পেশা ছাড়তে বাধ্য হবেন।

সংগঠনের প্রতিনিধি Nirmal Gorana জানিয়েছেন, সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন মহিলা কর্মী, ডেলিভারি এজেন্ট এবং চালকেরা। তাঁর কথায়, “প্রচণ্ড গরম, যানজট আর বাড়তি খরচের মধ্যে দিনে ১০ থেকে ১৪ ঘণ্টা কাজ করতে হচ্ছে।”

এই ধর্মঘটের প্রভাব বিভিন্ন শহরে কতটা পড়বে, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে অফিসযাত্রী এবং অনলাইন খাবার পরিষেবার উপর নির্ভরশীলদের একাংশ আজ পরিষেবা পেতে সমস্যায় পড়তে পারেন বলে মনে করা হচ্ছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now