পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্র বদলে দেওয়ার পর শনিবার ছিল বিজেপির উদ্যাপনের দিন। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যেমন ছিল ক্ষমতার আনুষ্ঠানিকতা, তেমনই ছিল দীর্ঘ নির্বাচনী লড়াইয়ের স্মৃতি। সেই মঞ্চেই দলের জয়ের নেপথ্যের দুই গুরুত্বপূর্ণ মুখ— Biplab Kumar Deb এবং Mithun Chakraborty — তুলে ধরলেন তাঁদের অভিজ্ঞতা, পরিশ্রম আর রাজনৈতিক বার্তা।
বিধানসভা নির্বাচনে বিজেপির সংগঠন ও প্রচারের অন্যতম মুখ ছিলেন বিপ্লব দেব। কেন্দ্রীয় সহ-নির্বাচনী পর্যবেক্ষকের দায়িত্ব পাওয়ার পর থেকেই তাঁকে রাজ্যের বিভিন্ন প্রান্তে সক্রিয় দেখা গিয়েছিল। বুথস্তরের কর্মীদের সঙ্গে বৈঠক, পরিবর্তন যাত্রা, লাগাতার সাংগঠনিক সফর— সব মিলিয়ে ভোটযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি।
শপথ অনুষ্ঠানে দাঁড়িয়ে বিপ্লব দেব বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর উপর পশ্চিমবঙ্গের মানুষ ভরসা করেছেন। ভয় থেকে বেরিয়ে ভরসার জয় হয়েছে।” তাঁর কথায়, রাজ্যের মানুষ পরিবর্তনের জন্য আগে থেকেই প্রস্তুত ছিলেন। সেই আবহকে সংগঠিত রূপ দেওয়ার কাজ করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। একইসঙ্গে নতুন মুখ্যমন্ত্রী Suvendu Adhikari-র নেতৃত্বেও আস্থা প্রকাশ করেন তিনি। তাঁর বক্তব্য, “শুভেন্দুদা খুব ভালোভাবে পশ্চিমবঙ্গ চালাবেন এবং মানুষের আশা পূরণ করবেন।”
অন্যদিকে নির্বাচনী প্রচারে সবচেয়ে বেশি আলোচিত মুখগুলির মধ্যে ছিলেন মিঠুন চক্রবর্তী। একের পর এক রোড শো, জনসভা এবং কর্মীদের মধ্যে উপস্থিতি দিয়ে প্রচারের আবহে আলাদা মাত্রা যোগ করেছিলেন তিনি। শপথ অনুষ্ঠানের দিন আবেগঘন ভাষণে সেই প্রচারপর্বের নানা অভিজ্ঞতার কথাই তুলে ধরলেন অভিনেতা-রাজনীতিক।
মিঠুন বলেন, “আজ আমাদের জয়ের দিন, আনন্দের দিন। আমার কাছে আজকের দিন স্বাধীনতার দিন।” তাঁর অভিযোগ, আগের সরকারের আমলে বিরোধী রাজনীতি করতে গিয়ে বহু মানুষ আক্রান্ত হয়েছেন। সেই পরিস্থিতি থেকে মুক্তির কথাই তিনি এদিন তুলে ধরেন।
প্রচারের সময় তাঁকে ঘিরে কটাক্ষ এবং শারীরিক ধকলের কথাও শোনান মিঠুন। তাঁর দাবি, “নাক দিয়ে রক্ত বেরিয়েছে, কিন্তু কাউকে দেখাইনি। রক্ত মুছে আবার প্রচারে বেরিয়েছি।” নির্বাচনী সফরের কষ্টের কথা বলতে গিয়ে তিনি যোগ করেন, “মুড়ি আর শসা খেয়ে ক্য়াম্পেন করেছি। আজ সেই পরিশ্রমের ফল মিলেছে।”
রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, বিজেপির এই সাফল্যের পিছনে শুধু কেন্দ্রীয় নেতৃত্বের প্রচার নয়, সংগঠনের ভিত মজবুত করতে একাধিক নেতার দীর্ঘমেয়াদি কাজও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আর সেই তালিকায় বিপ্লব দেব ও মিঠুন চক্রবর্তীর নাম এখন বিজেপির অন্দরে বিশেষ গুরুত্ব পেয়েছে।







