সমস্ত জল্পনার অবসান। পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুক্রবার বিজেপি বিধায়কদলের বৈঠকে সেই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিক ভাবে জানান অমিত শাহ (Amit Shah)। পরে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী পদে শুভেন্দুর নাম ঘোষণা করা হয়।
শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু। রাজনৈতিক দিক থেকে ঐতিহাসিক এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নরেন্দ্র মোদি (Narendra Modi), অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি Nitin Nabin-সহ দলের একাধিক শীর্ষ নেতা।
রাজ্যের রাজনৈতিক পালাবদলের আবহে শুভেন্দুর মুখ্যমন্ত্রী হওয়া বিজেপির কাছে বড় বার্তা বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে বিরোধী দলনেতা হিসেবে গত কয়েক বছরে তাঁর রাজনৈতিক লড়াই এবং সাংগঠনিক ভূমিকা বিজেপির অন্দরে গুরুত্ব পেয়েছিল। সেই অভিজ্ঞতার উপর ভরসা করেই বাংলার প্রথম বিজেপি সরকার পরিচালনার দায়িত্ব তাঁর হাতে তুলে দিল কেন্দ্রীয় নেতৃত্ব।
রাজনৈতিক মহলের একাংশের মতে, শুভেন্দুর এই উত্থানের পিছনে রয়েছে দু’টি গুরুত্বপূর্ণ নির্বাচনী লড়াই। ২০২১-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম-এ তিনি হারিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-কে। আর ২০২৬ সালের নির্বাচনে ভবানীপুরেও মমতার পরাজয়ের পরই কার্যত বাংলার ক্ষমতার পালাবদল সম্পূর্ণ হয়। সেই রাজনৈতিক যাত্রাপথের পরিণতিতেই এ বার মুখ্যমন্ত্রীর আসনে বসতে চলেছেন শুভেন্দু অধিকারী।





