গবেষণার জগতে প্রবেশ করতে আগ্রহীদের জন্য নতুন সুযোগ নিয়ে এল যাদবপুর বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের পদার্থবিদ্যা বিভাগের তরফে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে প্রোজেক্ট অ্যাসোসিয়েট পদে নিয়োগের কথা জানানো হয়েছে। এই প্রকল্পটি পরিচালিত হবে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন-এর আর্থিক সহায়তায়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট দু’টি শূন্যপদে নিয়োগ হবে। নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ৪২ হাজার টাকা করে সাম্মানিক দেওয়া হবে। প্রাথমিকভাবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ করা হলেও, প্রকল্পের প্রয়োজন অনুযায়ী সেই মেয়াদ বাড়ানো হতে পারে।
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে, স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর পাওয়া বাধ্যতামূলক। পাশাপাশি, গবেষণার কাজে অন্তত দু’বছরের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ৩৫ বছর।
এই নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষা নয়, সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। আগামী ১১ মে, বেলা ২টো থেকে ইন্টারভিউ নেওয়া হবে। আগ্রহীদের সেদিন নির্দিষ্ট আবেদনপত্র ও প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে নিয়ে উপস্থিত থাকতে হবে।
প্রার্থীদের জন্য আবেদনের ফি ধার্য করা হয়েছে ৫০ টাকা। আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথির তালিকা জানতে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিটি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
গবেষণায় হাতেখড়ি বা অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করার সুযোগ হিসেবে এই নিয়োগ প্রক্রিয়াকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।





