দ্বিতীয় দফার ভোটকে সামনে রেখে যখন জোরকদমে প্রচার চালাচ্ছেন প্রার্থীরা, ঠিক তখনই রাজনৈতিক ময়দানে অন্য রঙ যোগ করল এক অপ্রত্যাশিত সাক্ষাৎ। বালিগঞ্জে প্রচারের মাঝেই টলিউড তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)-এর সঙ্গে দেখা করলেন সিপিআই(এম) প্রার্থী আফরিন শিল্পী (Afreen Silpi)।
শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে সেই মুহূর্ত ভাগ করে নেন আফরিন। সেখানে অভিনেতার পাশে দাঁড়িয়ে তাঁকে দেখা যায়। পোস্টে তিনি লেখেন, “বিশিষ্ট অভিনেতা শ্রী প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ি আমার বালিগঞ্জ বিধানসভার অন্তর্গত। আজ ওনার ওয়ার্ডে প্রচারের সময় দেখা করে এলাম। ওনার আশীর্বাদ আমাদের এই লড়াইয়ের পথ আরও সুদৃঢ় করবে।”
রাজনীতিতে নতুন হলেও, সংগঠনের ভিত থেকে উঠে আসা মুখ আফরিন। ছাত্র রাজনীতির মাটিতে দাঁড়িয়েই তাঁর রাজনৈতিক যাত্রা শুরু। SFI-এর সঙ্গে যুক্ত থেকে ধাপে ধাপে উঠে এসে এখন তিনি বামফ্রন্টের প্রার্থী হিসেবে লড়ছেন।
বালিগঞ্জ কেন্দ্রটি বরাবরই হাই-প্রোফাইল হিসেবে পরিচিত। সেই আসনেই তৃণমূলের প্রবীণ নেতা শোভনদেব চট্টোপাধ্যায়-এর বিরুদ্ধে লড়াইয়ে নেমেছেন মাত্র ২৯ বছরের এই প্রার্থী। অভিজ্ঞতার নিরিখে ব্যবধান থাকলেও, মাঠে নেমে প্রচারের ধরন এবং জনসংযোগে নিজের জায়গা তৈরি করার চেষ্টা চালাচ্ছেন তিনি।
রাজনৈতিক মহলের একাংশের মতে, তরুণ মুখ হিসেবে আফরিনের উপস্থিতি এই কেন্দ্রে লড়াইকে অন্য মাত্রা দিচ্ছে। প্রচারের ফাঁকে জনপ্রিয় অভিনেতার সঙ্গে এই সাক্ষাৎ সেই প্রচারকেই আরও আলোচনায় এনে দিল।








