কেন্দ্রীয় প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ শাখায় কাজের সুযোগ খুলে গেল তরুণ পেশাদারদের জন্য। Controller General of Defence Accounts-এর দফতরে এক বছরের চুক্তিতে মোট ১২ জন ‘ইয়ং প্রফেশনাল’ নিয়োগ করা হবে। নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রকের অধীনেই।
এই পদে আবেদন করতে পারবেন আইন, ডেটা অ্যানালিটিক্স, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি-র সঙ্গে যুক্ত প্রার্থীরা। তবে শুধুমাত্র ডিগ্রি থাকলেই হবে না, প্রয়োজন বাস্তব কাজের অভিজ্ঞতা এবং প্রশাসনিক দক্ষতা। বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার মানসিকতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
ভাষাগত দক্ষতাও এখানে গুরুত্বপূর্ণ। স্থানীয় ভাষার পাশাপাশি ইংরেজিতে সাবলীল যোগাযোগ করতে পারা বাধ্যতামূলক। কারণ, কাজের ধরন অনুযায়ী নিয়মিত অফিসিয়াল সমন্বয় রাখতে হবে একাধিক স্তরে।
প্রার্থীদের বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে এবং অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক। নির্বাচিতদের মাসিক পারিশ্রমিক ধার্য হয়েছে ৮০ হাজার টাকা। প্রাথমিক ভাবে এক বছরের জন্য নিয়োগ হলেও, কাজের মান সন্তোষজনক হলে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হতে পারে।
আবেদন করতে হবে ই-মেলের মাধ্যমে। জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ এবং পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার নথি জমা দিতে হবে। আবেদন গ্রহণের শেষ দিন ৮ মে।
সরকারি ব্যবস্থার মূল আর্থিক কাঠামোর সঙ্গে সরাসরি যুক্ত থাকার সুযোগ থাকায়, এই নিয়োগকে গুরুত্বপূর্ণ ক্যারিয়ার অপশন হিসেবেই দেখছেন অনেক তরুণ পেশাদার।







