চলতি আইপিএলে চেনা ছন্দে দেখা যাচ্ছে না বুমরাহ (Jasprit Bumrah)-কে। পাঁচটি ম্যাচ খেলে এখনও উইকেটের খাতা খোলেননি তিনি। তার উপর ১৬৪ রান খরচ— যা তাঁর মানদণ্ডে কার্যত অস্বাভাবিক পরিসংখ্যান। এত দিন যে ধারাবাহিকতা ও নিয়ন্ত্রণের জন্য পরিচিত ছিলেন, সেই বুমরাহকে এ মরসুমে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেই মনে করছেন অনেকেই।
এই পরিস্থিতিতে সরব হলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার Wasim Jaffer। তাঁর মতে, সমস্যার মূলেই রয়েছে ফিটনেস। বুমরাহ পুরোপুরি সুস্থ নন বলেই মনে করছেন তিনি, আর তার প্রভাব পড়ছে পারফরম্যান্সে।
আইপিএল শুরুর আগেই বুমরাহর শারীরিক অবস্থাকে ঘিরে জল্পনা তৈরি হয়েছিল। প্রস্তুতি পর্বে উৎকর্ষ কেন্দ্রে গিয়ে অনুশীলন করেছিলেন তিনি। যদিও সেই সময় সব আশঙ্কা উড়িয়ে প্রথম ম্যাচ থেকেই মাঠে নামেন। কিন্তু মাঠের পারফরম্যান্সে সেই আত্মবিশ্বাসের প্রতিফলন মিলছে না।
এক ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটে জাফর বলেন, “আমার মনে হয় বুমরাহ ১০০ শতাংশ ফিট নয়। এটাই আমার বিশ্বাস। বিশ্বকাপ বা তার আগে যেমন দেখেছিলাম, এখন বুমরাহের বোলিংয়ের মধ্যে সেই শরীরী ভাষাটাই দেখতে পাচ্ছি না। তাই আমার মনে হচ্ছে বুমরাহ নিজের সেরা ফর্মে নেই। এ ভাবে লেংথ মিস্ করতে ওকে কখনও দেখিনি। এ ভাবে কখনও বল করে না। যদি ১০০ শতাংশ ফিট থাকত তা হলে কখনও এ ভাবে বল করত না বুমরাহ।”
শুধু উইকেট না পাওয়াই নয়, বোলিংয়ের ধারেও যেন ভাঁটা পড়েছে বলে মত জাফরের। আগে যেখানে তাঁর বল ব্যাটসম্যানদের অস্বস্তিতে ফেলত, এখন সেই তীক্ষ্ণতা চোখে পড়ছে না। গতি ও লাইন-লেন্থের নির্ভুলতা— দুই ক্ষেত্রেই যেন ঘাটতি দেখা যাচ্ছে।
জাফরের কথায়, “বুমরাহের বোলিংয়ে যে ঝাঁজটা ছিল সেটাই নেই। আগে ওর হাত থেকে বল বেরিয়ে ব্যাটে আছড়ে পড়ত। এখন সেটা দেখতে পাচ্ছি না। ফর্ম সব সময় একই থাকে না জানি। তাই বুমরাহ সব সময়েই ভাল বল করবে এটা প্রত্যাশা করা উচিত নয়।”
তবে ক্রিকেট মহলের একাংশ মনে করছে, দীর্ঘ সময় পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার কারণে এই ছন্দপতন অস্বাভাবিক নয়। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজের পুরনো রিদম ফিরে পাবেন বলেই আশাবাদী ভক্তরা। এখন দেখার, পরের ম্যাচগুলোতে বুমরাহ নিজের ছাপ রেখে ফিরতে পারেন কি না।







